Image description

আঞ্চলিক সামুদ্রিক সহযোগিতা বৃদ্ধি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইওএস সাগর’। শুক্রবার (৮ মে) সকালে জাহাজটি বন্দর জেটিতে নোঙর করে। বহুজাতিক নৌ মোতায়েন কর্মসূচি ‘আইওএস সাগর ২০২৬’-এর অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস আলী হায়দার’ সেটিকে অভ্যর্থনা জানিয়ে বন্দরে নিয়ে আসে।

বন্দরে পৌঁছানোর পর ভারতীয় জাহাজটিকে ঐতিহ্যবাহী রীতিতে স্বাগত জানানো হয়।

সফরকালে ‘আইওএস সাগর’-এর অধিনায়ক বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, নৌবহর কমান্ডার এবং ডকইয়ার্ড কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এসব বৈঠকে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে।

যৌথ ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে চট্টগ্রামের কমনওয়েলথ ওয়ার সেমেট্রিতে পুষ্পস্তবক অর্পণ করবেন ভারতীয় নৌ সদস্যরা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সামুদ্রিক লজিস্টিকস ও বন্দর নিরাপত্তা বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের নৌ সদস্যদের মধ্যে পেশাগত অভিজ্ঞতা বিনিময়, জাহাজ পরিদর্শন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের কর্মসূচি রয়েছে। দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য বাড়াতে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা এবং ভারতীয় জাহাজে একটি ডেক রিসেপশনের আয়োজন করা হবে।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ভারতীয় নৌবাহিনীর এই সফর ভারত সরকারের ‘নেবারহুড ফার্স্ট’ (প্রতিবেশী প্রথম) নীতির একটি প্রতিফলন। এটি বঙ্গোপসাগর অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুই প্রতিবেশী দেশের নৌবাহিনীর মধ্যে পেশাদারির মেলবন্ধন আরো দৃঢ় করতে কার্যকর ভূমিকা রাখবে। সফরের আনুষ্ঠানিকতা শেষে জাহাজটি পুনরায় সমুদ্রযাত্রায় অংশ নেবে।