Image description

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, সাধারণ মানুষ দেখবে ২৪-এর গণ-অভ্যুত্থানের পর কি কি পরিবর্তন এসেছে। তারা যদি কোনো পরিবর্তন খুঁজে না পায়, তাহলে হতাশা ও ক্ষোভ তাদেরকে নতুন করে ভাবতে বাধ্য করবে।

শুক্রবার (৮ মে) ফেনীতে এবি পার্টির আয়োজনে এক রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের মিজান রোড়ে দলের জেলা কার্যালয়ে কর্মশালায় সভাপতিত্ব করেন এবি পার্টি ফেনী জেলা শাখার সিনিয়র আহ্বায়ক আফলাতুন বাকী। সঞ্চালনা করে সদস্য সচিব প্রভাষক ফজলুল হক।

মজিবুর রহমান বলেন, পরিবারতান্ত্রিক নেতৃত্ব এবং বুর্জোয়া শ্রেণি চরিত্রে বিএনপি ও আওয়ামী লীগের মধ‍্যে কোনো পার্থক‍্য নেই। জনগণ বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক‍্য নির্ণয় করবে তাদের শাসন ব‍্যবস্থার চারটি বিষয়ে বাস্তব অভিজ্ঞতার ওপর। সেগুলো হলো—দুর্নীতি, দলীয়করণ, সন্ত্রাস ও দ্রব‍্যমূল‍্যের ঊর্ধ্বগতি।

তিনি বলেন, পুরোনো রাজনৈতিক ব‍্যবস্থায় নতুন বন্দোবস্তের রাজনীতি করতে গিয়ে আমরা খুব সাফল্য অর্জন করতে পারিনি। পুরোনো দলগুলোর এখনও কোনো বিকল্প তৈরি হয়নি। ঋণখেলাপি, দুর্নীতিবাজ, অর্থশালী ব‍্যবসায়ী এবং নির্যাতিত, নিপীড়িত হিসেবে পরিচিতদের পাশাপাশি ধর্মীয়ভাবে মানুষের আবেগকে যারা স্পর্শ করতে পেরেছেন তারা এবারও জনগণের ভোট পেয়েছেন।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, নতুনদের প্রতি মানুষের আগ্রহ যে তৈরি হচ্ছে তা এবারের ভোটের ফলাফলে অনেকটা স্পষ্ট। এই আগ্রহ ও সম্ভাবনাকে আগামী দিনে আরও শক্তিশালী করতে পারলে নতুন রাজনীতির জয় আবশ‍্যম্ভাবী।

তিনি আরও বলেন, আমরা চেয়েছিলাম সংস্কার। এজন্য নির্বাচন পিছিয়ে চেয়েছিলাম। কিন্তু বিএনপি সংস্কার না চেয়ে দ্রুত নির্বাচন চেয়েছে। বিএনপি দেখছে এ সংস্কার করলে তাদের ক্ষতি হবে। এজন্য তারা আগে নির্বাচন চেয়েছে। যদি সংস্কার হতো তাহলে তাদের অন্তত ১৫০ জন এমপি নির্বাচনে অংশ নিতে পারত না।

মজিবুর রহমান বলেন, আমাদের সিস্টেমটা পুরাতন। এই সিস্টেম রয়ে গেলে পুরাতন দলের সুবিধা। যতক্ষণ পর্যন্ত সিস্টেম পরিবর্তন না করা যাবে না, ততদিন সংস্কার সম্ভব না বা সংস্কার করা যায় না।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ। উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক মাষ্টার শাহ আলম শাহীন সুলতানী, সাংগঠনিক সম্পাদক মির ইকবাল, দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অম্লান সহ দপ্তর সম্পাদক কাজী জাহাঙ্গীর লিটন,সমাজকল্যান সম্পাদক এবি সিদ্দিক, সদস্য , আহমেদ আলী নয়ন, সাইদুল হক মিলন, কাজী শরিফ উদ্দিন দীপ্ত, হাজী নিজাম উদ্দিন, নুরুল ইসলাম খান, জোহরা আক্তার ডলি, সদর আহবায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবু সাইদ খান, এবি যুব পার্টি আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ছাত্রপক্ষ ফেনী জেলা আহ্বায়ক, সদস্য সচিব বেলাল হোসাইন রাফসান প্রমুখ।