Image description

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের পর সীমান্ত এলাকায় সম্ভাব্য অস্থিরতা ও উত্তেজনা এড়াতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাসহ ৩ জেলা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা যেকোনো ধরনের সহিংসতার আশঙ্কা এড়াতেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকাজুড়ে বিজিবির টহল কার্যক্রম ও বিভিন্ন সীমান্ত পথে চেকপোস্ট জোরদার করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনসাধারণকেও সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার-মেহেরপুর জেলায় মোট ১১৩ কিলোমিটার সীমান্তে বিজিবির বিওপি ক্যাম্প রয়েছে ১৯টি। এর মধ্যে দামুড়হুদার দর্শনায় একটি আইসিপি ক্যাম্প। সর্বমোট ২০টি ক্যাম্প আছে বিজিবির। পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্ত রয়েছে। এই ৩টি জেলার সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা টহল কার্যক্রম জোরদার করেছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যাতে কোনো ধরনের সন্দেহজনক চলাচল দ্রুত শনাক্ত করা যায়।

এছাড়া সীমান্ত এলাকার বিভিন্ন চেকপোস্ট পরিচালনার মাধ্যমে দিন-রাত নিয়মিত টহল দেওয়া হচ্ছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, চুয়াডাঙ্গা ও মেহেরপুর পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলা সীমান্তবর্তী এলাকায়  চেকপোস্টের মাধ্যমে বিজিবির টহল কার্যক্রম বাড়ানো বিশেষ সর্তকতা বাড়ানো হয়েছে। বিজিবি গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিবিড় পর্যবেক্ষণ করছে। স্থানীয় রাজনৈতিক জনপ্রতিনিধি সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বা যেকোনো ঘটনা এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।