Image description

নোয়াখালীতে ছয় কর্মকর্তাকে চাকরিচ্যুতির প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা। তারা সড়কের মাঝখানে গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেয়।

 

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৪টায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুরে লক্ষ্মীপুর-নোয়াখালী-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকে। আধাঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার পর পুলিশ এসে সড়ক থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয়।

 

বিক্ষোভকারীরা বলেন, নোয়াখালীর চৌমুহনীতে অবস্থিত ১১৩ মেগাওয়াট হোসাফ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কর্মরতদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ না করা; বিনা নোটিশে আইন না মেনে শ্রমিক ছাঁটাই; চিকিৎসার অভাবে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এবং প্ল্যান্টের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য তারা সড়ক অবরোধ করেছেন।

 

বিক্ষোভকারী মাজহারুল ইসলাম রিজভী বলেন, সকালে এসে গেট দিয়ে ঢুকতে দারোয়ান আমাকে চাকরিতে অব্যাহতিপত্র দেন। অথচ আমাকে কোনো নোটিশ দেওয়া হয়নি।

 

বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রর শিফট ইনচার্জ (টারবাইন) হেদায়েত উল্যাহ বলেন, আমাদের প্ল্যান্ট থেকে নিয়মিত বেতন-ভাতা না দেওয়ায় বিভিন্ন সময় প্রতিবাদ করেছি। বেতনের অভাবে গত কয়েক মাস আগে আমাদের এক সহকর্মী বিনা চিকিৎসায় মারা গেছেন।

 

ইনচার্জ আলমগীর হোসাইন বলেন, আমাদের ঢাকা অফিস থেকে আজ সকালে ছয়জন স্টাফের অব্যাহতিপত্র পাঠিয়েছে। আমি শুধু তাদের সেসব দিয়েছি। এর বাইরে আমার কিছু জানা নেই।

 

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান জানান, প্ল্যান্টের স্টাফদের বেতন ভাতা, ইনক্রিমেট বৈষম্য নিয়ে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে উঠিয়ে দিয়েছি। প্ল্যান্টের ইনচার্জকে বলেছি, মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধান করার জন্য।