কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের ওপর উঠে গেছে ‘তিশা প্লাস’ নামের একটি যাত্রীবাহী বাস।
উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কের ওই অংশে প্রায় দুই ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি হঠাৎ মহাসড়কের মাঝখানের ডিভাইডারের ওপর উঠে যায়। এতে সড়কের একাংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
রফিক নামে এক ট্রাকচালক বলেন, বাসটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ওপর উঠে যায়। যানবাহনের চাপ বাড়তে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার এশিয়া পোস্টকে বলেন, বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাসটির কাগজপত্র ও চালকের বিষয়ে যাচাই-বাছাই করছে পুলিশ। চালকের অসচেতনতা নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।