দেশের স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশের প্রায় সব হাসপাতালেই জনবল ও চিকিৎসা সরঞ্জাম সংকট রয়েছে। তবে আমরা আশা করছি, খুব শিগগিরই এসব সমস্যার সমাধান হবে।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
পটুয়াখালীবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নের আশ্বাস দিয়ে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য নুর বলেন, জেলা হাসপাতালের পাশাপাশি এখানে একটি পূর্ণাঙ্গ ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবার ভোগান্তি অনেকাংশে কমে যাবে।
শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই তিন খাতকে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এই তিন খাতে সফলতা অর্জন করতে পারলে দেশকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব হবে।
হাসপাতাল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা. খালেদুর রহমান, ডা. আতিকুর রহমান, হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা, মো. আবু ইউসুফ, স্থানীয় সরকারের উপসচিব জুয়েল রানাসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।