Image description

চট্টগ্রাম বন্দরের বহি:নোঙর থেকে লাইটার জাহাজে করে অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে আনা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার সকাল থেকে অপারেশনে আসবে সবকটি ইউনিট।

 

এর আগে বুধবার সকাল ১২টায় কুতুবদিয়া চ্যানেলে নোঙর ফেলে ১ লাখ টন ক্রডবাহী এমটি নিনেমিয়া নামের মাদার ট্যাঙ্কার। কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে বুধবার রাত থেকে শুরু হয় লাইটারিং।

 

বৃহস্পতিবার দুপুরে ইস্টার্ন রিফাইনারির এমডি প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার জাহাজটি চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া বহি:নোঙরে নোঙর করার পরপর ছোট আকারের লাইটার ট্যাংকার পাঠানো হয়। এরপর সেগুলো মাদার ট্যাংকার থেকে তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারির জেটিতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবারও পুরোদমে ক্রড অয়েল খালাস প্রক্রিয়া চলছে।

বিপিসি জানায়, গত দুই মাস ধরে পর্যাপ্ত কাঁচামাল না থাকায় ডেড স্টক ভেঙে একটি প্লান্ট দিয়ে স্বল্প পরিসরে উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল। তাই ট্যাংকে অপরিশোধিত জ্বালানির পরিমাণ ডেস্কটপের ওপরে ওঠার পর তিনটি প্লান্ট পুরোদমে চালু করা হবে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকাল থেকে তিনটি প্লান্ট পুরোদমে উৎপাদন শুরু করবে।

বিপিসি সূত্র জানায়, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল এনে

পরিশোধন করে বিপিসির ডিলারদের মাধ্যমে বাজারজাত করে। ক্রড অয়েল থেকে ডিজেল, অকটেন, পেট্রোল, জেট ফুয়েল, কেরোসিন, মোবিল, এলপিজি, বিটুমিনসহ ১৮ প্রকারের জ্বালানি তেল উৎপাদন করে প্রতিষ্ঠানটি। বিপিসির হয়ে ক্রড পরিবহনের এই কাজটি করে থাকে বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন বা বিএসসি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় গত দুই মাস ধরে কাঁচামাল আনতে পারেনি প্রতিষ্ঠানটি।

ইস্টার্ন রিফাইনারিতে প্রতি মাসে এক লাখ টন ক্রুড অয়েল আনা হয়। সবশেষ গত ১৭ ফেব্রুয়ারি একটি জাহাজ এসেছিল। এতে কাঁচামাল সংকটের কারণে ইস্টার্ন রিফাইনারী গত ১৪ এপ্রিল থেকে প্রধান তিনটি ইউনিটের দুটি বন্ধ করে দেয়। ২২ দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে চালু করার প্রস্তুতি চলছে ইস্টার্ন রিফাইনারিতে।