মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। এ লক্ষ্যে ফরাসি নৌবাহিনীর একটি বিমানবাহী রণতরী সুয়েজ খালের দক্ষিণে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে।
ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গল’ হরমুজ প্রণালির উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে। অঞ্চলটিতে নিরাপদ নৌচলাচল পুনঃপ্রতিষ্ঠার সম্ভাব্য উদ্যোগের অংশ হিসেবেই এ প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যৌথভাবে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। তাদের ভাষ্য অনুযায়ী, এ উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পরই তা মোতায়েন করা হবে।
ইউরোপীয় নেতারা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নৌযান চলাচলের স্বাধীনতা বজায় রাখা বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য অপরিহার্য।
সূত্র: আল জাজিরা