বার্মিংহামে সহকারী হাইকমিশনার সুজন দেবনাথের সঙ্গে মতবিনিময়সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল (বুধবার) বাংলাদেশ সহকারী হাইকমিশনের কার্যালয়ে এ মতবিনিময় করেন বার্মিংহামের জামায়াত নেতৃবৃন্দ।
এ সময় জামায়াত নেতারা জানিয়েছেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কনস্যুলার সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতার বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত এ সভা ছিল আন্তরিকতা ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। নেতৃবৃন্দ প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের সেবা কার্যক্রমকে আরো সহজ, আধুনিক ও দ্রুততর করার আহ্বান জানান।
সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ তাঁর বক্তব্যে জানান, প্রবাসীদের দোরগোড়ায় কার্যকর ও সময়োপযোগী সেবা পৌঁছে দিতে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বার্মিংহামের আশপাশের বিভিন্ন শহরে মতবিনিময়সভার আয়োজন করা হয়েছে, যাতে প্রবাসীদের মতামত ও সমস্যাগুলো সরাসরি জানা যায়।
সভায় হাইকমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ফার্স্ট সেক্রেটারি হামিদা খাতুন এবং সেকেন্ড সেক্রেটারি রাহাত বিন কুতুব।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মিডল্যান্ড ইউকের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, এ টি এম মোকাররাম হাসান, ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল ও হিফজুর রহমান, আব্দুস সালাম, মোস্তাকিম বোরহানী, তোফায়েল আহমেদ, মাওলানা আব্দুল্লাহ সোহেল, জামিল আহমেদ এবং এ এস এম মাসুম।
সভা শেষে প্রবাসীদের কল্যাণে এবং বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ্বল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।