নারায়ণগঞ্জের ফতুল্লায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের নির্মাণাধীন বাড়িতে চাঁদা না পেয়ে মালামাল লুটের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় আটক করা তিনজনকে পুলিশের কাছ ছিনিয়ে নিয়ে গেছেন সহযোগীরা।
বুধবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আটকদের মধ্যে ডেভিট ও রাসেল নামে দুজনের পরিচয় পাওয়া গেছে। আবেকজনের পরিচয় শনাক্ত হয়নি। একটি ভিডিওতে দেখা যায়, তারা নিজেদের ‘আজাদের লোক’ বলে দাবি করছে। ভিডিওতে তারা আরও জানান, ভ্যানগাড়িতে মালামাল তোলার জন্য তাদের পাঠানো হয়েছিল এবং তারা শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
পুলিশ জানায়, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে চাঁদা না পেয়ে মালামাল লুট করা হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ঘটনাস্থল তিনজনকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের নির্মাণাধীন বাড়িতে স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুটপাট করে ভ্যানগাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লুট হওয়া মালামালসহ তাদের আটক করে।
তিনি আরও জানান, পরে মালামাল পুনরায় বাড়িতে ফিরিয়ে দেওয়ার সময় আটক ব্যক্তিদের সহযোগীরা এসে তাদের ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।