ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ থামানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের দেওয়া নতুন শান্তি প্রস্তাব গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে তেহরান। তবে সরাসরি আলোচনার সম্ভাবনা এখনই দেখছেন না বলে জানিয়ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৬ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি বর্তমানে তেহরানের টেবিলে রয়েছে। তারা এটি খতিয়ে দেখছে এবং খুব শিগগির তাদের মতামত মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে হস্তান্তর করবে। এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান শুরু থেকে দুই দেশের মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করছে।
এর আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান, তেহরান যদি চুক্তিতে সম্মত না হয়, তবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আগের তুলনায় ‘অনেক উচ্চতর পর্যায় এবং তীব্রতায়’ ইরানে বোমা হামলা শুরু করবে।
এদিকে সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন। নিকট ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা মুখোমুখি বসবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প স্পষ্ট জানান, এই বিষয়ে চিন্তা করার সময় এখনও আসেনি। এটি হবে সময়ের আগে চিন্তা করা।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্র একটি এক পৃষ্ঠার সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। শান্তি আলোচনার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছিল।
পাকিস্তানি সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করে জানায়, যুদ্ধ অবসানে দুই দেশ এখন সমঝোতার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘আমরা খুব দ্রুতই এই প্রক্রিয়ার সমাপ্তি টানব। আমরা (সমঝোতার) একেবারে কাছাকাছি পৌঁছে গেছি।’
হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন বলে জানিয়েছেন ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তর করতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি যেন কেবল সাময়িক বিরতি না হয়ে যুদ্ধের চূড়ান্ত অবসান ঘটায় পাকিস্তান সেই লক্ষ্যে কাজ করছে।
সূত্র: আল জাজিরা