Image description

‘বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে সাবস্ক্রাইব করতে পারছে না’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

তিনি বলেছেন, ‘বিএনপির অনেক বড় বড় নেতাদের সন্তানরা, এমনকি স্থায়ী কমিটির সদস্যদের সন্তানরাও মাঝেমধ্যে যোগাযোগ করছেন আমাদের সঙ্গে। তারাও পছন্দ করছেন না বিএনপির রাজনীতি। তাদের কেউ কেউ ভবিষ্যতে যোগ দেবেন এনসিপিতে।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি।

 

সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র বলছিলেন, ‘সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সঙ্গে প্রতারণা করছে এবং সেটা তারা বুক ফুলিয়ে বলছে সংসদে। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।’

 

আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও শিক্ষাবিদ অধ্যাপক এম এ এইচ আরিফ, জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়া যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সারা দেশের চার হাজার সদস্যও যোগ দিয়েছেন বলে জানানো হয় এই সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, ওয়ারিয়র্স অব জুলাইয়ের সভাপতি সালমান হোসেন প্রমুখ।