Image description

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখার নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ দখল ও শেখ হাসিনাকে এখনো দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করে কিছুদিন আগে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সবাই শহীদ হয়ে যাব, জীবন দিয়ে দেব তবু এক ইঞ্চি জায়গাও ভারত দখল করতে পারবে না, ইনশাআল্লাহ।’

সম্প্রতি এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছেন আর দেশের জনগণ ঘুমিয়ে থাকবে? ইরানের মতো দেশের প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য, জমি রক্ষা করার জন্য, বাংলাদেশ রক্ষার জন্য আমরা ২০ কোটি মানুষ শহীদ হয়ে যাব।

বিএনপির এই নেতা বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। দেশে একটি স্বীকৃত সরকার রয়েছে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে সসম্মানে গঠনমূলক সমালোচনা করব।

আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব।’

 

সাবেক এই সাংসদ আরো বলেন, ‘এই বাংলাদেশ শহীদ জিয়ার বাংলাদেশ। আমরা পালিয়ে যাওয়ার দল নয়। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।

তোমাদের কাছে আশ্রয় পেয়েছে। শেখ হাসিনা নেই বলে খারাপ লাগছে। আমাদের বুঝতে বাকি নাই, শেখ হাসিনার জন্য তোমাদের কী দরদ। এই লুটেরার জন্য কী দরদ আমরা তা বুঝতে পারি।’