Image description

যৌতুকের দাবিতে নির্যাতনের শিকার হয়ে কাটা চুলসহ রক্তাক্ত শরীরে থানায় হাজির হয়েছেন এক নারী। মঙ্গলবার (৫ মে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় গিয়ে তিনি নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আজমপুর এলাকার ওই নারীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন তার স্বামী দ্বীন ইসলাম দিনু ও শ্বশুরবাড়ির লোকজন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকালে নির্যাতনের একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী।

 

নির্যাতনের শিকার ওই নারী অসুস্থ অবস্থায় থানায় পৌঁছে পুলিশের টেবিলে নিজের কাটা চুল রেখে ঘটনার বর্ণনা দেন। পরে তাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

 

ভুক্তভোগীর মা ও ভাই অভিযোগ করেন, যৌতুকের জন্যই এ ধরনের নির্মম নির্যাতন করা হয়েছ। তিনি ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 
 

 

অভিযুক স্বামী দ্বীন ইসলামসহ পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

 

আখাউড়া থানার ওসি জাবেদ উল ইসলাম বলেন, মৌখিক অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।