Image description

আসন্ন ঈদুল আজহায় দেশে আসতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় নিহত জামিল আহমেদ লিমন। আসলেন, তবে লাশ হয়ে।

সোমবার (৪ মে) দুপুরে নিহত জামিলের গ্রামের বাড়িতে দাফনের প্রস্তুতির সময় কথাগুলো বলছিলেন তাঁর চাচা জিয়াউল হক।

জিয়াউল হক বলেন, ‘দুই বছর হলো সে পড়াশোনা করতে যুক্তরাষ্ট্রে গেছে৷ এবার বড় ঈদে আসার কথা ছিল। আসার জন্য সব প্রক্রিয়াও সম্পূর্ণ করেছিল। আসল আমাদের মাঝে লাশ হয়ে। ভাতিজাকে আর জীবিত দেখতে পেলাম না৷’

লিমনের আরেক চাচ মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের প্রদীপ ছিল লিমন। তাকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু সে যে লাশ হয়ে আসবে তা মানতে পারছি না৷ তার মরদেহ আসছে। বিকেলের মধ্যে গ্রামে আসবে। পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।’

জামিলের মরদেহ তাঁর গ্রামের বাড়ি লালডোবায় বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। ২৪ এপ্রিল জামিলের মরদেহ উদ্ধার করা হয়। উভয়কে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে হিলসবোর কাউন্টি শেরিফ অফিস।

ঘটনার কয়েকদিন পর একটি সোয়াট টিম সন্দেহভাজন হিশাম আবুঘারবিয়েহকে তাঁর বাবা-মায়ের বাসা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে আদালত তাঁকে জামিনহীন কারাদণ্ড দিয়েছে।