Image description

পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বানের ২৯৩টি আসনের মধ্যে প্রায় ১৯১টি আসনে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগে্রস ৯৭টি আসন পেয়েছে। দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ৯৪ আসনের। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘খেলা শেষ’ লিখে বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।

 

‘খেলা হবে’ স্লোগান দিয়ে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আলোচনার জন্ম দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে এই স্লোগান ব্যাপক ভাইরাল হয়। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই স্লোগান দেন। ধারণা করা হচ্ছে, তাদের সেই স্লোগানের জবাবে বিজেপি ‘খেলা শেষ’ বার্তা দিয়েছে।

 

সোমবার (৪ মে) বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপের সাবেক সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেছেন, ‘রাজ্যে রামরাজ্য এসে গেছে’।

 

বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, যা ভেবেছিলাম তার থেকে তিনগুণ বেশি ভোট পেয়েছি। ভেবেছিলাম ১১০০ পাব, পেয়েছি তিন হাজার। নন্দীগ্রাম ও ভবানীপুর আসনে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে সাংবাদিকদের এ কথা বলেছেন তিনি।

 

তার মতে, এখন পর্যন্ত ভোটের যে প্রবণতা দেখা যাচ্ছে তাতে হিন্দুদের ইভিএম বক্স বিজেপির হাতে। আর মুসলিমদের ইভিএম তৃণমূলের। তবে এবারের নির্বাচনে একচেটিয়া মুসলিম ভোট তৃণমূল পায়নি। মালদহ, মুর্শিদাবাদে বহু জায়গায় মুসলিম ভোট কংগ্রেসে গিয়েছে।

 

এদিকে নির্বাচনে পিছিয়ে পড়ার পর নেতাকর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, দয়া করে কোনো (তৃণমূল) প্রার্থী এবং কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ছেড়ে আসবেন না। এটা বিজেপির প্ল্যান। আমি গতকাল থেকে বলছি, ওদেরগুলো (এগিয়ে থাকা আসন) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় গণনা বন্ধ করে রেখে দিয়েছে। কল্যাণীতে এমন সাতটি মেশিন ধরা পড়েছে, যেখানে কোনো মিলই নেই।

 

নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, মনখারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড মাত্র গণনা হলো। ১৮ থেকে ১৯ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ (দেখুন এবং অপেক্ষা করুন)। আপনারা সকলে জিতবেন। আমরা আপনাদের সঙ্গে রয়েছি।

 

তিনি আরও বলেন, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।