নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন। এ সময় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে পুরো শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগের সৃষ্টি হয়। বিক্ষোভ ও সড়কে অগ্নিসংযোগকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি মসজিদ মার্কেট এলাকায় পৌঁছালে সেখানে ৮ থেকে ১০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যা উপস্থিত জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
পরে বিক্ষোভকারীরা মাইজদী টাউন হল মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এর ফলে নোয়াখালী জেলা আঞ্চলিক মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে টাউন হল মোড়ে বিক্ষোভ চলাকালে ইটের আঘাতে এক পথচারী আহত হন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা না গেলেও তাকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষোভ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান নেতাকর্মীরা।
পরবর্তীতে দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা অভিযোগ করেন, ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতাদের মূল্যায়ন না করে অছাত্র, বিবাহিত ও মাদকাসক্তদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে। যার কারণে নবগঠিত নোয়াখালী জেলা, সদর উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি থেকে ১০ নেতা পদত্যাগ করেন।
বিক্ষোভ ও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, মো. ওয়াসিম, জিহাদুল ইসলাম সজিব, মো.আকবর হোসেন, শাহেদ বাবু, তারেক নুরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই কমিটি বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং জেলাজুড়ে ছাত্রদলের বিভিন্ন শাখা কমিটি থেকে গণপদত্যাগ করা হবে।