চাঁদপুর শহরে একটি বহুতল ভবন পাশের একটি ভবনের দিকে হেলে পড়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (৩ মে) দুপুরে চাঁদপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। সেখানে ঝুঁকিপূর্ণ দুটি ভবনে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়।
কর্তৃপক্ষ জানায়, চাঁদপুর শহরের পালপাড়া এলাকায় অবস্থিত মো. শাহজাহানের ভবনটি পাশের মো. শাহ আলম ঢালীর ভবনের দিকে হেলে পড়েছে। পাশাপাশি থাকা এই ভবন দুটিতে বসবাসরত বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
মো. শাহ আলম ঢালী বলেন, ২০১২ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। পৌরসভার নকশা অনুযায়ী ভবন নির্মাণ করা হয়। কিন্তু, তার প্রতিবেশী মো. শাহজাহানের ভবন হেলে তার ভবনের দিকে ঝুঁকে পড়েছে। এতে করে তিনি আতঙ্কে রয়েছেন। বিষয়টি তিনি চাঁদপুর পৌর কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান।
মো. শাহজাহান বলেন, ২০১৫ সালে তিনি চারতলা ভবন নির্মাণ করেন। কী কারণে ভবনে সমস্যা হয়েছে, সে সম্পর্কে তিনি অবগত নন। পৌরসভার নিয়ম মোতাবেক ভবন নির্মাণ করা হলেও দেশের বাইরে অবস্থানের কারণে তিনি সঠিকভাবে ভবন নির্মাণ তদারকি করতে পারেননি বলে জানান।
এলাকার বাসিন্দা রাসেল ও মারুফ বলেন, ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এতে ভবন দুটির বাসিন্দা ছাড়াও এলাকাবাসী আতঙ্কে রয়েছে।
চাঁদপুর পৌরসভার নগর পরিকল্পনাবিদ মো. সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে আমরা রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভবন নির্মাণে ত্রুটি থাকায় একটি ভবন কিছুটা হেলে পড়েছে। এতে দুটি ভবনই ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন দুটিতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি টানিয়ে দেওয়া হয়। অধিক তদন্তসাপেক্ষে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন বলেন, খবর পেয়ে পৌরসভার পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের ঘটনাস্থলে পাঠিয়ে নোটিশ টানানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভবন দুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দুর্ঘটনা এড়াতে ভবন মালিক ও ভাড়াটিয়াদের ভবন ছেড়ে চলে যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।