Image description

গ্রিসের একটি কারাগারে কামরান দেলোয়ার হোসেন খান নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশে তার পরিবারের কোনো সদস্যের সন্ধান না পাওয়ায় স্থানীয়ভাবে দাফনের উদ্যোগ নিয়েছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের এক সংবাত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ মার্চ কামরান দেলোয়ার হোসেন খান করিদালোজ কারাগারে মৃত্যুবরণ করেন। তবে তার কাছে বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা অন্য কোনো সরকারি নথি না থাকায় তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি হিসেবে শনাক্ত করা সম্ভব হয়নি।

 
তিনি একজন ‘আনডকুমেন্টেড’ বা নথিপত্রহীন কর্মী ছিলেন। গ্রিক নথিতে তাকে বাংলাদেশি হিসেবে উল্লেখ করায় মানবিক বিবেচনায় দূতাবাস মরদেহটি গ্রহণ করে।

পরে অনুসন্ধানে জানা যায়, কামরানের পূর্বপুরুষদের বাড়ি শরীয়তপুর জেলায় হলেও সেখানে বর্তমানে পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি। অন্য একটি দেশে অবস্থানরত তার ভাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানান, বাংলাদেশে তাদের কোনো স্বজন নেই।

তিনি মরদেহ দেশে না পাঠিয়ে গ্রিসে দাফনের জন্য অনুরোধ জানান এবং এ বিষয়ে অনাপত্তিপত্র দেন।

দূতাবাস জানায়, পরিচয় নিশ্চিত না হলে এবং বাংলাদেশি হিসেবে সুস্পষ্ট তথ্য না থাকলে এ ধরনের ক্ষেত্রে সরকারিভাবে কার্যক্রম গ্রহণে বাধ্যবাধকতা থাকে না। তবুও মানবিক দিক বিবেচনায় গ্রিক কর্তৃপক্ষের সহায়তায় মরদেহ মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী দাফনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

৭ মে (বৃহস্পতিবার) দাফন কার্যক্রম সম্পন্ন করার জন্য কাজ চলমান রয়েছে। সার্বিক বিষয়টি দূতাবাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয় করছে।