বাংলাদেশের রাজনীতিতে আলোচিত ব্যক্তি মুজিবুর রহমান মঞ্জু। একসময় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় রাজনীতে ছিলেন। পরবর্তীতে দলটিতে সংস্কারের প্রস্তাব তুলে বহিষ্কৃত হন এবং নতুন রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গঠন করেন। জুলাই গণঅভ্যুত্থানের নেপথ্য কারিগরদের একজন হিসেবেও তাঁর নাম আলোচনায় রয়েছে। সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে এসেছিলেন অতিথি হিসেবে। দেশের সমসায়িক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন। সঞ্চালনা করেছেন রাহাত রূপান্তর।
এশিয়া পোস্ট: ৫ আগস্টের পর সকল রাজনৈতিক মঞ্চে ও সমীকরণে আপনার এবং আপনার দলের জোরালো উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু জাতীয় নির্বাচনের পর তেমনটি আর দেখা যাচ্ছে না। কেন?
মুজিবুর রহমান মঞ্জু: বিষয়টি মোটেও আড়ালে চলে যাওয়া নয়। আমাদের বুঝতে হবে যে এবি পার্টি একটি নতুন ধারার রাজনৈতিক দল। আমরা যখন এই দল গঠন করেছি, তখন আমাদের মূল ফোকাস বা লক্ষ্য ছিল আন্দোলনের দিকে, প্রথাগত নির্বাচনের দিকে নয়। আমাদের দেশে নির্বাচনের যে প্রচলিত সংস্কৃতি বা ট্র্যাডিশনাল পজিশন আছে, সেখানে অংশগ্রহণ করা একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে প্রতিটি আসনে অত্যন্ত সুপরিচিত ও শক্তিশালী প্রার্থী থাকা, মার্কার ব্যাপক পরিচিতি থাকা এবং একটি সুদৃঢ় সাংগঠনিক ও অর্থনৈতিক ভিত্তির প্রয়োজন হয়। আমরা যেহেতু একটি উদীয়মান ও নতুন দল, তাই আমাদের সবটুকু শক্তি আমরা ব্যয় করেছিলাম ফ্যাসিবাদ বিরোধী গণআন্দোলনে। আমাদের পুরো মনোযোগ ছিল রাজপথে। ফলে নির্বাচনমুখী সুনির্দিষ্ট ফোকাস আমাদের সেভাবে ছিল না। এছাড়া ৫ই আগস্টের পর দেশের রাজনীতিতে যে বিশাল পরিবর্তন ও ধকল গিয়েছে, সেখান থেকে নিজেদের মানসিকভাবে গুছিয়ে নেওয়া এবং আন্দোলনের ক্লান্তি বা দ্বিধাদ্বন্দ্ব ঝেড়ে ফেলে নতুন উদ্যমে দাঁড়ানোর জন্য আমরা ইচ্ছা করেই কিছুটা সময় নিয়েছি। আমরা এখন দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করার কাজ করছি এবং সামনের দিনগুলোতে আমাদের সরব উপস্থিতি পুনরায় দেখা যাবে।
এশিয়া পোস্ট: আপনি যে দল থেকে নীতিগত পার্থক্যের কারণে বহিষ্কৃত হলেন, সেই জামায়াতে ইসলামীর সাথেই আবার একটি নির্বাচনী জোটে আপনাদের যেতে দেখা গেল। এটা কি অনেকটা স্ববিরোধী নয়?
মুজিবুর রহমান মঞ্জু: দেখুন, আদর্শিক বা প্রিন্সিপাল জায়গা থেকে বিচার করলে এটি হওয়ার কথা ছিল না। আমি যে কারণে জামায়াত থেকে বের হয়েছিলাম, সেই পার্থক্যগুলো এখনো বিদ্যমান। তবে রাজনীতিতে অনেক সময় ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে রাষ্ট্রীয় স্বার্থ এবং বিশেষ কোনো মহৎ লক্ষ্যকে প্রাধান্য দিতে হয়। আমরা ৫ই আগস্টের এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা ‘জুলাই স্বার্থকে’ সবার উপরে রেখেছি। আমরা যখন ঐক্যমত্য কমিশনে কাজ করছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল বিএনপিকে সাথে নিয়ে একটি বৃহত্তর জাতীয় ঐক্য গড়া। আমরা বিএনপিকে বারবার বোঝানোর চেষ্টা করেছি যে ১৫ বছরের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসনের পর দেশ পুনর্গঠনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। কিন্তু আমরা লক্ষ্য করলাম বিএনপি অনেকগুলো মৌলিক সংস্কারের জায়গায় দ্বিমত পোষণ করছে বা ‘নোট অফ ডিসেন্ট’ দিচ্ছে। অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আমরা জামায়াতকে অত্যন্ত আন্তরিক পেয়েছি। আমাদের সাথে তাদের আদর্শিক বিরোধ থাকতে পারে, কিন্তু রাজপথের লড়াইয়ে এবং জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষায় জামায়াতের সাথে আমাদের দৃষ্টিভঙ্গি মিলে গেছে। আন্দোলনের সময় তো আর দল আলাদা ছিল না; বিএনপি, জামায়াত, এবি পার্টি কিংবা সাধারণ মানুষ—সবাই একাকার হয়ে লড়াই করেছি। তখন কে কাকে বহিষ্কার করেছে সেই পুরোনো হিসাব বড় ছিল না। ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়াটাই ছিল জরুরি। তাই জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে আমরা কেবল একটি নির্বাচনী ও কৌশলগত অ্যালায়েন্স করেছি। এটি কোনোভাবেই মতাদর্শিক বা চিরস্থায়ী কোনো ঐক্য নয়।
এশিয়া পোস্ট: অনেকের মনেই একটি গভীর সন্দেহ আছে যে, এবি পার্টি আসলে জামায়াতে ইসলামীরই একটি ছায়া সংগঠন। ভিন্ন নামে আপনারা আসলে জামায়াতের পুরোনো এজেন্ডাই বাস্তবায়ন করছেন কি না?
মুজিবুর রহমান মঞ্জু: যদি এমনটিই হতো, তবে তো জামায়াত যখন ৫ই আগস্টের পর সগৌরবে রাজনীতিতে ফিরে এল, তখনই আমরা সেই দলে ফিরে যেতাম। কিন্তু আমাদের চিন্তাধারা ও দৃষ্টিভঙ্গি জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা এবং আমরা আমাদের স্বতন্ত্র অবস্থানে অনড় আছি। জামায়াত মূলত একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল, যাদের প্রতিটি কর্মসূচি ও নীতি আবর্তিত হয় ধর্মীয় দৃষ্টিভঙ্গিকে কেন্দ্র করে। অন্যদিকে, এবি পার্টি একটি নাগরিক অধিকারভিত্তিক আধুনিক রাজনৈতিক দল। আমরা ‘সলিউশন বেসড পলিটিক্স’ বা জনভোগান্তি লাঘবের সমাধানমূলক রাজনীতিতে বিশ্বাস করি। আমরা যদি কেবল জামায়াতের গন্ধ মুছে নতুন নাম নিয়ে পুরোনো কাজই করতে চাইতাম, তবে আমাদের আদর্শিক কাঠামোর আমূল পরিবর্তন করার প্রয়োজন হতো না। আমরা যখন দল গঠন করি, তখন অনেকে মনে করেছিলেন আমরা জামায়াতকে ভাঙতে চাই। আসলে আমরা জামায়াতকে ভাঙতে চাইনি, বরং আমি যখন সেখানে ছিলাম তখন ভেতরের সংস্কার চেয়েছিলাম। সেই অধ্যায় এখন শেষ। এখন আমরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন কালচার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই। আমরা যে প্রস্তাবনা দিয়েছি, তা আওয়ামী লীগ, বিএনপি বা জামায়াতের পুরোনো রাজনৈতিক কাঠামোর চেয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র যেখানে মানুষের নাগরিক অধিকারই হবে রাজনীতির মূল ভিত্তি।
এশিয়া পোস্ট: জামায়াতে থাকার সময় আপনি ঠিক কী ধরনের পরিবর্তনের দাবি তুলেছিলেন, যার জন্য আপনাকে বহিষ্কৃত হতে হলো?
মুজিবুর রহমান মঞ্জু: আমাদের প্রধান দুটি প্রস্তাব ছিল অত্যন্ত শক্তিশালী। প্রথমত, আমরা বলেছিলাম জামায়াতকে একটি পরিপূর্ণ রাজনৈতিক দল বা ‘ফুলফ্লেজড পলিটিক্যাল পার্টি’ হিসেবে গড়ে তুলতে হবে। জামায়াত যেহেতু একটি ধর্মভিত্তিক দল, তাই তাদের কর্মকাণ্ডে অনেক ধরণের দ্বিধাদ্বন্দ্ব ও সীমাবদ্ধতা তৈরি হয়। আপনি দেখবেন, বিএনপি বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যখন কোনো স্লোগান দেয় বা ব্যক্তিকেন্দ্রিক প্রচারণা চালায়, তখন সমাজ সেটাকে রাজনৈতিক সংস্কৃতি হিসেবে স্বাভাবিকভাবে নেয়। কিন্তু জামায়াত যখন একই কাজ করে, তখন মানুষ প্রশ্ন তোলে যে এটি ইসলামী শরিয়তসম্মত কি না। জামায়াতকে সবসময় তার আদর্শের বিচারে যাচাই করা হয়, কিন্তু অন্যান্য দলকে দেখা হয় রাজনৈতিক সংস্কৃতির বিচারে। আমরা বলেছিলাম এই আলোচনাটি দলের ভেতরে হওয়া দরকার। দ্বিতীয়ত, আমরা প্রস্তাব দিয়েছিলাম যে জামায়াতের দুটি আলাদা শাখা থাকতে পারে—একটি অংশ থাকবে যারা শুধু ধর্মীয় ও নৈতিক প্রশিক্ষণের কাজ করবে, আর অন্য অংশটি হবে সম্পূর্ণ একটি আধুনিক রাজনৈতিক দল। বর্তমানের গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে গেলে অনেক সময় রণকৌশলগত কারণে আপোষ করতে হয়, যা কট্টর ধর্মীয় অবস্থান থেকে করা অনেক সময় সম্ভব হয় না। আমি বিশ্বাস করি, জামায়াত এখন অনেক ক্ষেত্রেই ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে, নারী-পুরুষ একসাথে কর্মসূচি পালন করছে কিংবা অমুসলিমদের সমর্থন চাইছে। এগুলো আসলে আমাদের সেই প্রস্তাবিত সংস্কারেরই ফল। আজ হোক বা কাল, জামায়াতকে এই পরিবর্তনের পথেই হাঁটতে হবে, এমনকি ভবিষ্যতে হয়তো তারা দলের নামও পরিবর্তন করে ফেলতে পারে। তাদের অনেক অঙ্গসংগঠনের নাম থেকে ইতিমধ্যে ‘ইসলাম’ শব্দটি বাদ দেওয়া হয়েছে। সার্বজনীন দল হতে গেলে আপনাকে সব ধর্ম ও বর্ণের মানুষের কাছে গ্রহণযোগ্য হতেই হবে।
এশিয়া পোস্ট: জুলাই গণঅভ্যুত্থানে নেপথ্য নায়ক হিসেবে আপনার ভূমিকা বেশ আলোচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলন হিসেবে সংগঠিত করার পেছনেও আপনার জোরালো তৎপরতা ছিল। আপনি মেন্টর হিসেবে ছাত্র সমন্বয়কদের অনেককে পরিচালিত করেছেন বলেও শোনা যায়।
মুজিবুর রহমান মঞ্জু: মাস্টারমাইন্ড নিয়ে এখন অনেকেই অনেক কথা বলছেন। তবে আমার ব্যক্তিগত অভিমত হলো, কোনো একক ব্যক্তি এই আন্দোলনের মাস্টারমাইন্ড নয়। যদি নেতিবাচক দৃষ্টিকোণ থেকে কাউকে মাস্টারমাইন্ড বলতে হয়, তবে তিনি হচ্ছেন শেখ হাসিনা। তাঁর একগুঁয়েমি, চরম অহংকার, ভুল পদক্ষেপ এবং একের পর এক ফ্যাসিস্ট আচরণ পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে বাধ্য করেছে। বিএনপি বা জামায়াতের মতো বড় দলগুলো গত ১৫ বছরে অনেক আন্দোলন করেছে, অনেক প্রাণ দিয়েছে, কিন্তু জুলাই মাসে ছাত্ররা যখন ডাক দিল, তখন সাধারণ মানুষের মধ্যে যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি হলো, তা নজিরবিহীন। মাত্র ১৪-১৫ দিনের মধ্যে শত শত মানুষ শহীদ হয়েছেন। আবু সাঈদের শাহাদাত পুরো জাতিকে এক সুতোয় বেঁধে ফেলেছিল। আমরা এবি পার্টি হিসেবে ছোট দল হলেও শুরু থেকেই ঝুঁকি নিয়ে রাজপথে সক্রিয় ছিলাম। আমরা একে একটি বড় সুযোগ হিসেবে দেখেছিলাম ফ্যাসিবাদের প্রধান বাধা শেখ হাসিনাকে হঠানোর জন্য। আবু সাঈদ শহীদ হওয়ার পর আমরাই প্রথম তাকে ‘এই জামানার বীরশ্রেষ্ঠ’ বলে অভিহিত করি। আজ সফল হওয়ার পর অনেকেই কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো এটি ছিল একটি স্বতঃস্ফূর্ত এবং সম্মিলিত গণবিস্ফোরণ।
আমাদের দায়িত্ববোধ থেকে আমরা ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। নাহিদ ইসলাম যেদিন প্রথম গ্রেপ্তার হলেন, তার দুই দিন আগে থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আমাদের কাছে যখন ফোন আসলো যে নাহিদকে কোথাও নিরাপদ আশ্রয়ে রাখা দরকার, তখন আমি আমার এক বন্ধুর ধানমন্ডির বাসায় তাঁর থাকার ব্যবস্থা করি। সেদিন ধানমন্ডিতে চরম উত্তেজনা ও সংঘাত চলছিল। পরবর্তীতে সেখান থেকেও তাঁকে সরে যেতে হয় কারণ গোয়েন্দারা তাঁর অবস্থান জেনে ফেলেছিল। এরপর নাসির উদ্দিন পাটোয়ারীর বাসা থেকে যখন তাঁকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়, আমরাই প্রথম ডিবি অফিসের সামনে তাঁর পরিবার ও সাংবাদিকদের একত্রিত করি। আন্তর্জাতিক মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়ার পর সরকার প্রবল চাপে পড়ে যায়। দেখুন, সেই সময়ে আমরা কেউই নিজেদের ‘মাস্টারমাইন্ড’ বা বড় কোনো কারিগর হিসেবে ভাবিনি। আমরা সবাই চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে ছিলাম। আজ আন্দোলন সফল হয়েছে বলে সবাই অবদান স্বীকার করছে, কিন্তু ব্যর্থ হলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। এটি ছিল একটি যৌথ প্রচেষ্টা যেখানে রাজনৈতিক দলগুলো এবং ছাত্ররা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে।
এশিয়া পোস্ট: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? ১০-এর মধ্যে আপনি তাদের কত নম্বর দিতে চান?
মুজিবুর রহমান মঞ্জু: অন্তর্বর্তীকালীন সরকারকে আমি ১০-এর মধ্যে ৬ দেব। এই সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো তারা একটি চরম অস্থিতিশীল মুহূর্তে দায়িত্ব নিয়ে নির্বাচনের একটি পথ তৈরি করতে পেরেছে। ড. ইউনূস এমন একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব যার আহ্বানে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায় সাড়া দিচ্ছে। তবে কিছু ক্ষেত্রে তাদের পরিচালনা পদ্ধতিতে দুর্বলতা ছিল। বিশেষ করে কোনো অভিজ্ঞতা ছাড়াই সরাসরি ছাত্রদের কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াটা কিছুটা বিশৃঙ্খলা তৈরি করেছে। আমরা পরামর্শ দিয়েছিলাম যে ছাত্রদের সরাসরি প্রশাসনে না বসিয়ে আগে একটি বিশেষ প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করা উচিত ছিল। এছাড়া সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশের ওপর সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ এখনো শতভাগ প্রতিষ্ঠিত হয়নি। শুরুতে ছাত্রদের যতটা প্রাধান্য দেওয়া হয়েছিল, পরবর্তীতে আবার তাদের সাথে একধরণের দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। সরকারকে আরও বেশি ইনক্লুসিভ হতে হবে এবং সব পক্ষকে সাথে নিয়ে সংকট মোকাবিলা করতে হবে।
এশিয়া পোস্ট: গত আড়াই মাসে বিএনপি সরকারের ভূমিকা কিভাবে মূল্যায়ন করবেন?
মুজিবুর রহমান মঞ্জু: বিএনপিকে কেবল আড়াই মাসের সরকার হিসেবে দেখলে হবে না। তারা প্রশাসনের অনেক স্তরেই একটি পরোক্ষ প্রভাবে রয়েছে। ৫ই আগস্টের পর থেকে পুলিশ ও সচিবালয়ে বিএনপির সমর্থকদের আধিপত্য বেড়েছে। কিন্তু সামগ্রিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপির পারফরম্যান্স আমার কাছে কিছুটা হতাশাজনক মনে হয়েছে। তারা বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা এবং গুম কমিশনের সুপারিশ বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জুলাই সনদের মূল অঙ্গীকার থেকে কিছুটা সরে যাচ্ছে বলে মনে হয়। দলীয়করণের যে পুরোনো সংস্কৃতি আমরা দেখেছি, সেই একই পথে হাঁটার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তবে তারেক রহমানের ব্যক্তিগত ভূমিকা অনেক ক্ষেত্রে ইতিবাচক। তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সংযত থাকার কঠোর বার্তা দিচ্ছেন এবং ক্ষমতার অপব্যবহার রোধে সোচ্চার আছেন। তারেক রহমানের সাথে আমার যতবার আলাপ হয়েছে, আমি দেখেছি তিনি একটি শক্তিশালী বিরোধী দলের প্রয়োজনীয়তা অনুভব করেন। তিনি বিশ্বাস করেন যে শক্তিশালী বিরোধী দল না থাকলে ক্ষমতাসীন দল ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠতে পারে। কিন্তু বিএনপির মধ্যম ও নিচুতলার রাজনীতি এখনো সেই পুরোনো ধারার দ্বন্দ্ব ও দখলদারিত্বের বৃত্ত থেকে বের হতে পারেনি।
এশিয়া পোস্ট: সম্প্রতি ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যে সংঘাতের খবর পাওয়া যাচ্ছে, একে কি আপনি স্রেফ ক্ষমতার লড়াই হিসেবে দেখেন? আপনি তো নিজেও একসময় ছাত্রশিবিরের নেতৃত্বে ছিলেন, আপনার পর্যবেক্ষণ কী?
মুজিবুর রহমান মঞ্জু: এটি অত্যন্ত বেদনাদায়ক একটি পরিস্থিতি। জামায়াত ও বিএনপি সেই ১৯৯১ সালের পুরোনো দ্বন্দ্বে ফিরে যাচ্ছে বলে আমার মনে হয়। ৯১ সালেও তারা একসাথে ক্ষমতায় আসার পর ক্যাম্পাসগুলোতে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়েছিল। বর্তমানে তারা একে অপরকে ‘গুপ্ত’ বা ‘খাম্বা’ বলে যে ভাষায় আক্রমণ করছে, তা আসলে শেখ হাসিনার তৈরি করা রাজনৈতিক ভাষ্য। যখন তারা পরস্পরকে রাজাকার বা দুর্নীতিবাজ বলে গালি দেয়, তখন তারা অবচেতনভাবে হাসিনার ফ্যাসিবাদী বয়ানকেই শক্তিশালী করে। ছাত্রশিবির কোনো গোপন বা গুপ্ত সংগঠন নয়, তবে প্রতিকূল পরিবেশে তারা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে, যা পৃথিবীর অনেক দেশের বামপন্থী সংগঠনগুলোও করেছে। এটিকে অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি একটি রাজনৈতিক কৌশল ছিল। এখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, তা নতুন প্রজন্মের মনে তীব্র হতাশা সৃষ্টি করছে। তারা একসময় রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে, অথচ এখন ক্ষমতার মোহে একে অপরের রক্ত ঝরাচ্ছে। এটি দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন।
এশিয়া পোস্ট: আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা কতটুকু?
মুজিবুর রহমান মঞ্জু: আওয়ামী লীগ একটি দীর্ঘ ঐতিহ্যের দল, তাদের একটি সমর্থক গোষ্ঠী দেশে এখনো আছে। তবে তারা গত ১৫ বছরে এবং বিশেষ করে জুলাই-আগস্টে যে গণহত্যা ও ফ্যাসিবাদ কায়েম করেছে, সেই দায় না নিয়ে তাদের ফেরা প্রায় অসম্ভব। তাত্ত্বিকভাবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন তখনই সম্ভব হবে, যদি বর্তমান বা ভবিষ্যৎ সরকার তাদের চেয়েও বড় কোনো ফ্যাসিজম কায়েম করে। তখন মানুষ কম্পারিজন বা তুলনার জায়গায় যাবে এবং আওয়ামী লীগকে ‘কম খারাপ’ মনে করতে শুরু করবে। এবারের আন্দোলনে কোটি কোটি মানুষ সম্পৃক্ত ছিল এবং তারা সচক্ষে এই গণহত্যা দেখেছে। তাই আওয়ামী লীগ যদি তাদের ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা না চায় এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না যায়, তবে এই প্রজন্ম তাদের গ্রহণ করবে না। তবে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘাত বাড়লে আওয়ামী লীগ সেই শূন্যতা পূরণের চেষ্টা করবে, এটাই রাজনীতির স্বাভাবিক নিয়ম।
এশিয়া পোস্ট: আপনি দীর্ঘ সময় দিগন্ত টেলিভিশনের সাথে যুক্ত ছিলেন। ৫ই আগস্টের পর এই চ্যানেলটি পুনরায় চালু হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হলেও এখন পর্যন্ত তা অন্ধকারেই রয়ে গেছে। এর পেছনে বাধাটা কোথায়?
মুজিবুর রহমান মঞ্জু: দিগন্ত টেলিভিশন চালু না হওয়াটা ব্যক্তিগতভাবে আমার জন্য এবং হাজার হাজার সংবাদকর্মীর জন্য অত্যন্ত দুঃখের বিষয়। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে উপ-নির্বাহী পরিচালক ছিলাম। সরকার পরিবর্তনের পর আমার প্রস্তাব ছিল আমরা আইনি প্রক্রিয়ায় এই দীর্ঘদিনের আর্থিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ মামলা করব এবং আদালতের মাধ্যমে সম্মানজনকভাবে ফিরে আসব। কিন্তু বর্তমানে যারা এই প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন, তারা সঠিক পথে হাঁটছেন না। তারা আইনি লড়াইয়ের চেয়ে হয়তো অন্য কোনো পন্থায় বা ব্যক্তিগত লবিংয়ের মাধ্যমে চ্যানেলটি চালুর চেষ্টা করছেন যা ফলপ্রসূ হচ্ছে না। দিগন্তের শত শত সাংবাদিক ও কর্মচারী বছরের পর বছর ধরে তাদের পাওনা পাচ্ছেন না। আমি মনে করি, বর্তমান নেতৃত্বের অদূরদর্শিতা ও অযোগ্যতার কারণেই একটি সম্ভাবনাময় গণমাধ্যম আজ ধ্বংসের মুখে। সরকারের উচিত এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হাজার হাজার মানুষের রুটি-রুজির কথা ভেবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
এশিয়া পোস্ট: জ্বালানিসহ বৈশ্বিক এবং জাতীয় পর্যায়ে নানা সংকট বাড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কী? বারবার আমরা জাতীয় ঐক্যের কথা শুনি। এসব সংকট সামাল দেওয়ার ক্ষেত্রে জাতীয় ঐক্যের কোনো প্রয়োজনীতা দেখেন কি না?
মুজিবুর রহমান মঞ্জু: দেশ বর্তমানে একটি চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের প্রয়োজনীয় জ্বালানির বড় অংশই আমদানিনির্ভর, ফলে বিশ্ববাজারের অস্থিরতা সরাসরি আমাদের ওপর প্রভাব ফেলছে। ডলারের সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ এই পরিস্থিতিকে আরও জটিল করেছে। এ অবস্থায় সরকারের উচিত ছিল একটি ‘জাতীয় ঐক্যের’ ডাক দেওয়া। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অর্থনীতিবিদ, প্রযুক্তিবিদ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা প্রয়োজন ছিল। কিন্তু সরকার এককভাবে সব সামলানোর যে নীতি নিয়েছে, তাতে সংকট আরও ঘনীভূত হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। সরকার যদি প্রকৃত অবস্থা আড়াল করার চেষ্টা করে, তবে ভবিষ্যতে এটি বড় গণবিস্ফোরণের কারণ হতে পারে। এখনো সময় আছে সবাইকে নিয়ে বসে একটি দীর্ঘমেয়াদী সংকটনিরসন পরিকল্পনা করার।
এশিয়া পোস্ট: এবি পার্টি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আপনারা কি আগামীতে এককভাবে নির্বাচনের কথা ভাবছেন?
মুজিবুর রহমান মঞ্জু: আমরা এবি পার্টিকে একটি শক্তিশালী ও স্বতন্ত্র রাজনৈতিক প্লাটফর্ম হিসেবে দাঁড় করাতে চাই। আমরা ইতিমধ্যে তৃণমূল পর্যায়ে দল গোছানোর কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য হলো একটি অধিকারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যদি বড় দলগুলো দেশের মানুষের ন্যূনতম নাগরিক অধিকার ও সুশাসন নিশ্চিত করতে পারে, তবে আমাদের আলাদা রাজনীতির হয়তো প্রয়োজন পড়বে না। কিন্তু বর্তমানের যে মেরুকরণ, তাতে আমাদের মতো একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা মানুষ গভীরভাবে অনুভব করছে। আমরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলোতে স্বতন্ত্রভাবে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমরা বিশ্বাস করি, গালি বা ঘৃণার রাজনীতি নয় বরং সমাধানের রাজনীতিই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে শেষ পর্যন্ত লড়াই করে যাব।