বরিশালের বাবুগঞ্জ উপজেলায় স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর পাঁচ লিটার দুধ দিয়ে গোসল করে এলাকায় আলোচনার জন্ম দিয়েছেন পরিমল চন্দ্র দাস নামে এক ব্যক্তি।
ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর আগে গত সোমবার পরিমল দুধ দিয়ে গোসল করেন বলে জানা গেছে।
বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা পরিমল চন্দ্র দাস। তার এক ছেলে ও এক কন্যাসন্তান রয়েছে।
স্থানীয় সূত্র ও হলফনামা অনুযায়ী, গত ১৫ এপ্রিল নোটারি পাবলিকের মাধ্যমে আইনিভাবে স্ত্রীর সঙ্গে বিয়েবিচ্ছেদ সম্পন্ন করেন পরিমল। গত সোমবার বিচ্ছেদের কাগজ হাতে পাওয়ার পর তিনি দুধ দিয়ে গোসল করেন।
পরিমল চন্দ্র দাস জানান, ২০০৯ সালে তদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে কলহ চলছিল। দীর্ঘদিন পারিবারিকভাবে সমঝোতার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুমন সিকদার বলেন, পরিমল চন্দ্র দাস ও তার স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা ইউনিয়ন পরিষদে লিখিত অভিযোগও দিয়েছিলেন।