Image description

ফরিদপুরের প্রবীণ রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, চার কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

তার গ্রামের বাড়ি ভাঙ্গা উপজেলারর চান্দ্রা ইউনিয়নের সোনামুখী সিঙ্গাডাত গ্রামে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯টায় ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকার শামসুল উলুম মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে শহরের আলীপুর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

রাজনৈতিক জীবনে তিনি ফরিদপুর জেলা জামায়াতের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

টানা প্রায় ১৮ বছর জেলা আমির হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, মজলিসে শূরা সদস্য এবং ফরিদপুর অঞ্চলের সহকারী হিসেবে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

 

পরিবার সূত্র জানায়, জীবদ্দশায় তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় গার্ড অব অনার গ্রহণ না করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পরিবারের পক্ষ থেকেও তার সেই ইচ্ছাকে সম্মান জানানো হবে।

 

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।