অর্থাভাবে বন্ধ হতে যাওয়া রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে নিউ মডেল ডিগ্রি কলেজের মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ওই শিক্ষার্থীর হাতে পড়াশোনার খরচ তুলে দেন তিনি।
সাহায্য পেয়ে আবেগাপ্লুত ওই শিক্ষার্থী জানান তার দীর্ঘ লড়াইয়ের কথা। তিনি বলেন, অ্যাডমিট কার্ড না পেলে আমি পরীক্ষায় বসতে পারতাম না। চরম এক দুঃসময়ে ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। তার এই মানবিকতা আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। অতীতেও তার এমন অনেক কাজের কথা শুনেছি বলেই আমি তার কাছে গিয়েছিলাম।
ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারিক বলেন, রাজনীতির ঊর্ধ্বে হলো মানবিকতা। ছেলেটি যখন আমাকে ফোন করে জানাল যে, সে পরীক্ষা দিতে পারবে না, আমি স্থির থাকতে পারিনি। আমি তাকে সরাসরি ডেকে কথা বলি এবং ব্যক্তিগত উদ্যোগে তার এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছি।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্যই হওয়া উচিত মানুষের সেবা। একজন মেধাবী ছাত্রের পড়াশোনা কেবল টাকার অভাবে বন্ধ হয়ে যাবে—এটি মেনে নেওয়া কঠিন।