Image description

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। এই যুদ্ধ হোয়াইট হাউসের জন্য বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো খতিয়ে দেখছে যে, দুই মাস ধরে চলা এই যুদ্ধে ট্রাম্প যদি একতরফা বিজয় ঘোষণা করেন, তাহলে ইরান এর প্রতিক্রিয়া কীভাবে জানাবে। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং এটি প্রশাসনের জন্য একটি রাজনৈতিক দায়ে পরিণত হয়েছে।

জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুরোধে, গোয়েন্দা সংস্থাগুলো এই সংঘাত থেকে সম্ভাব্য মার্কিন সেনা প্রত্যাহারের পরিণতি মূল্যায়ন করতে বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ করছে। উপদেষ্টারা সতর্ক করেছেন যে, যুদ্ধ চালিয়ে গেলে নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।

 

রয়টার্সকে সূত্রগুলো জানিয়েছে, ফেব্রুয়ারিতে প্রাথমিক সামরিক অভিযানের পর গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে একটি প্রাথমিক মূল্যায়নে পৌঁছেছে। এতে বলা হয়, ‘যদি ট্রাম্প বিজয় ঘোষণা করে অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করেন, তাহলে ইরান সেটিকে নিজেদের বিজয় হিসেবে দেখবে।

অন্যদিকে, ট্রাম্প যদি বিজয়ের ঘোষণা দিলেও অঞ্চলে বড় পরিসরে সেনা উপস্থিতি বজায় রাখেন, তবে ইরান এটিকে কৌশলগত আলোচনার অংশ হিসেবে দেখবে, তবে এতে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা নিশ্চিত নয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর