রান তাড়ায় নেমে ভালো শুরুর পর দ্রুত তিন উইকেট হারিয়ে শঙ্কা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু তাওহীদ হৃদয়, পারভেজ ইমন আর শামীম পাটোয়ারীর ঝড়ো ব্যাটিংয়ে ১২ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে যায় টিম টাইগার। কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। ম্যাচ শেষে তিনি প্রশংসা করেছেন সতীর্থদেরও।
২৬ বলে ফিফটি করা হৃদয় এদিন ২ চার ৩ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। ম্যাচ শেষে ডাগ-আউটে তিনি বলেন, ‘হ্যাঁ, ব্যাটিংয়ের জন্য খুব ভালো (উইকেট)। আসলে আমি পরিস্থিতির কথা ভাবছিলাম এবং সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছিল ওই সময় আমাদের রানের প্রয়োজন, তাই আমি আক্রমণাত্মক খেলেছি। শামীম অসাধারণ খেলেছে। ও মাঠে এসেই চমৎকার ক্রিকেট উপহার দিয়েছে।’
অধিনায়ক লিটন দাস বলেন, ‘এটি সত্যিই একটি ভালো ম্যাচ ছিল। আমাদের ব্যাটিংয়ের ধরনে আমি খুশি, বিশেষ করে হৃদয়। সে এবং ইমন মাঝের ওভারগুলোতে দারুণ খেলেছে এবং অবশ্যই শামীম খেলাটি শেষ করে এসেছে। এই মাঠে ১৮৩ রান একটি বড় স্কোর ছিল কারণ উইকেট ব্যাটিংয়ের জন্য খুব একটা সহজ ছিল না। প্রথম ইনিংস শেষে এটি বেশ মন্থর হয়ে গিয়েছিল। আমি বলেছিলাম আমাদের পাওয়ারপ্লেতে রান দরকার।’
তিনি আরও বললেন, ‘শুরুতে ভালো সংগ্রহ পেলে মিডল অর্ডারের জন্য কাজটা সহজ হয়ে যায়। ইমন, হৃদয় ও শামীম যেভাবে ব্যাটিং করেছে তাতে মনে হয়েছে কাজটা সহজ, কিন্তু আসলে তা ছিল না। হ্যাঁ, অবশ্যই (মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করেছি)। কিন্তু ওই বলটি (আউট হওয়ার) কিছুটা নিচু হয়েছিল। একজন ব্যাটারের জন্য একটি বলই যথেষ্ট। আর বল যখন ওভাবে নিচু হয়ে যায়, তখন আপনার আসলে কিছু করার থাকে না।’