Image description

অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করেছে সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ।

 

সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দোয়েল চত্বরের উত্তরে অবস্থিত তিন নেতার মাজারে কবর জিয়ারত করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

 

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, পিছিয়ে পড়া বাঙালি মুসলমানদের উন্নতিতে শেরেবাংলা এ কে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯২৪ সালে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি খাতায় নাম লেখার প্রথা বাতিল করে শুধু ক্রমিক নম্বর লেখার প্রথা চালু করেন। সে সময় হিন্দু শিক্ষকরা মুসলিম নাম দেখলেই নম্বর কমিয়ে দিত। তার এমন উদ্যোগের ফলে মুসলিমদের পাসের হার বেড়ে যায়।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার অবদান স্মরণ করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদের পর পূর্ব বাংলার মুসলমানদের উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে তিনি স্যার সলিমুল্লাহ ও নবাব নওয়াব আলী চৌধুরীর সঙ্গে যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান।

 

 

এ সময় উপস্থিত ছিলেন— ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এবং কবি জসীম উদ্‌দীন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক মো. ফজলে রাব্বী সরকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সদস্য শান্তা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।