Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ও ডাকসু নেতৃবৃন্দের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় বিচার চেয়ে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা । 

সোমবার (২৭ এপ্রিল) ঢাবি উপাচার্যের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানানো হয়। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, ঢাবি শিবির সেক্রেটারি কাজি আশিক, মুহাম্মদ সাজ্জাদ হুসাইন খাঁন সহ হল পর্যায়ের শিবির নেতারা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে শিবির জানায়, সাম্প্রতিক সময়ে ছাত্রদল কর্তৃক ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদ ও ডাকসু নেতৃবৃন্দের ওপর পরিকল্পিত হামলার ঘটনায় আপনার জরুরি হস্তক্ষেপ কামনা করছি। গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের নামে একটি ভুয়া স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এই অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান। কিন্তু সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে 'মব' তৈরি করে তাকে আটকে রাখে। খবর পেয়ে কয়েকজন ডাকসু নেতা তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে যান। অত্যন্ত পরিতাপের বিষয় যে, ছাত্রদলের হামলাকারীরা তাদের ওপরও অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য এ ধরনের ঘটনা চরম হুমকিস্বরূপ।
 
উপাচার্যের নিকট ছাত্রশিবিরের চার দফা দাবি হলো, 
১। উক্ত হামলার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করতে হবে।
২। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে কঠোর একাডেমিক ও প্রশাসনিক দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩। ক্যাম্পাসে সকল শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে।
৪। যেসব শিক্ষার্থী ভুয়া ফটোকার্ড সাইবার স্পেসে ছড়িয়ে আব্দুল্লাহ আল মাহমুদের জীবনের ঝুঁকি সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।