Image description

মানহানির মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজা।

সোমবার (২৭ এপ্রিল) সকালে হাইকোর্টে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে এই আবেদন করেন তিনি।

জানা গেছে, বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

গত ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলা দায়রা ও জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদী হয়ে মামলাটি করেছিলেন। ওই দিনই আমির হামজাকে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিচারক।

আমির হামজার বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ২৬ মার্চ কুষ্টিয়ার একটি মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করেন।