চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সরকারি গাড়িতে জ্বালানি তেল নিতে গিয়ে এক পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে রহনপুর পৌরসভার খয়রাবাদ এলাকায় অবস্থিত মেসার্স রায়হান পেট্রোল পাম্পে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য মো. শওকত আলী নাচোল থানায় কর্মরত একজন ড্রাইভার। তিনি সরকারি গাড়ির জন্য তেল নিতে ওই পাম্পে যান।
অভিযুক্ত মোহাম্মদ রায়হান আলী গোমস্তাপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেচে, তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্পের মালিক ও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ রায়হান আলীর সঙ্গে শওকত আলীর কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে রায়হান আলী উত্তেজিত হয়ে শওকত আলীকে গালিগালাজ করেন। পুলিশ পরিচয় দেওয়ার পরও পরিস্থিতি শান্ত না হয়ে তিনি ওই পুলিশ সদস্যকে ঘুষি মারেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে শওকত আলীর ডান হাতের কনুইয়ের ওপরে আঘাত লাগে এবং তা ফুলে যায়।
ঘটনার সময় পাম্পে দায়িত্বে থাকা রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইকবালসহ অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার খবর পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলা হলে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।