রাজধানীর ফুলবাড়িয়ার ফিনিক্স রোডের নাম পরিবর্তন করে প্রখ্যাত ধর্মীয় ব্যক্তিত্ব মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে নাম পুনর্বহাল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপ শাহ মাজার পর্যন্ত ৫৩০ মিটার দৈর্ঘ্যের সড়কটি ‘মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) সড়কটির নামফলক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তার ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই সড়কের নামকরণ করা হয়েছে। এমন একজন বুজুর্গ ব্যক্তিত্বের স্মরণে এই নামকরণ করতে পেরে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আশা করি, হাফেজ্জী হুজুরের আদর্শ ও অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে।
তিনি আরও জানান, স্থানীয় ধর্মীয় নেতাদের অনুরোধ ও জনদাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতি ও দিকনির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
সড়ক উদ্বোধনের পাশাপাশি প্রশাসক জনস্বাস্থ্য ইস্যুতে গুরুত্বারোপ করে বলেন, ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের আগাম প্রস্তুতি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র থাকাকালে রাজধানীর বিভিন্ন সড়ক বিশিষ্ট ব্যক্তিদের নামে নামকরণের উদ্যোগ নেন। সেই ধারাবাহিকতায় তিনি ওই সড়কটির নামকরণ করেন হাফেজ্জী হুজুর সড়ক। তবে ২০১৭ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এই নামকরণ বাতিল করে।
ওই বছরের ২২ ফেব্রুয়ারি একটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে হাফেজ্জী হুজুর ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম খতিব মুফতি আমিমুল ইহসানের নামে সড়কের নামকরণ বাতিল করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ।