Image description

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু। ঝালকাঠি-১ সংরক্ষিত আসনের এই প্রার্থীর বার্ষিক আয় ৩ লাখ টাকা, অর্থ্যাৎ মাসে ২৫ হাজার টাকা। চিকিৎসা পেশা থেকে এই আয়ের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকা অর্থ রয়েছে মিতুর। কোনো বাড়ি-গাড়ি না থাকলেও মিতুর রয়েছে ৩০ ভরি স্বর্ণ।

 

নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে মাহমুদা আলম মিতুর এসব সম্পদের তথ্য পাওয়া যায়।

 

হলফনামা অনুযায়ী, মিতুর যাবতীয় আয় তার চিকিৎসা পেশা থেকে। এ বাবদ তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। মিতুর কাছে থাকা নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৪০ হাজার টাকা। আর ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৩৫ টাকা। সবমিলিয়ে মিতুর মালিকানায় থাকা অর্থের পরিমাণ ২৯ লাখ ৭৫ হাজার ৭৩৫ টাকা তথা প্রায় ৩০ লাখ। এ ছাড়াও ৩০ ভরি স্বর্ণ পেয়েছেন উত্তরাধিকার সূত্রে।

 

মিতুর স্বামী মাহবুবুর রহমানও চিকিৎসক। হলফনামায় স্বামীর আয়ের উৎস প্রদর্শন না করলেও স্বামীর কাছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা নগদ অর্থ আছে বলে উল্লেখ করেছেন মিতু। এ ছাড়াও মাহবুবুর রহমানের ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে আরও ১ লাখ ৭৬ হাজার ১৮৯ টাকা।

 

সর্বশেষ আয়কর রিটার্ন দাখিলের (২০২৫-২৬) তথ্য অনুযায়ী, ৩ লাখ টাকা বাৎসরিক আয়ের বিপরীতে শূন্য আয়কর দিয়েছেন মিতু। রিটার্নে নিজের মোট সম্পদ দেখিয়েছেন ২৮ লাখ ৪০ হাজার টাকা। তার স্বামীর মোট আয় দেখানো হয়েছে ৮ লাখ ৬৪ হাজার ৮১৪ টাকা এবং মোট সম্পদ দেখানো হয়েছে ৫৬ লাখ ৯৮ হাজার ২৪ টাকা। তার স্বামী আয়কর দিয়েছেন ৩৩ হাজার ৭২২ টাকা।