Image description

দেশের ১৬টি জেলায় সন্ধ্যার পর থেকে রাত ৯টার মধ্যে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৬ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বার্তায় বলা হয়, ওই সময়ের মধ্যে কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী মৌলভীবাজার, সিলেট, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে এই ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে।

সতর্কবার্তায় বলা হয়েছে, বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার জন্য সাধারণ মানুষকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে দেওয়া আরেকটি পূর্বাভাসে বলা হয়, দেশের মধ্যাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বর্তমানে বজ্রপাত সক্রিয় রয়েছে, যা ধীরে ধীরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

এদিকে রবিবার বিকেলে বিভিন্ন জেলায় বজ্রবৃষ্টির সময় বজ্রপাতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে গাইবান্ধায় তিনজন এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, বগুড়া ও পঞ্চগড়ে একজন করে নিহত হয়েছেন।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, এই সময়টায় আর্দ্রতা ও তাপমাত্রার কারণে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা বেড়ে যায়, তাই জনসাধারণকে আরও সতর্ক থাকা জরুরি।

শীর্ষনিউজ