Image description

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার তাদের মধ্যে কথা হয়। খবর আল-জাজিরার।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরান ইস্যুতে দীর্ঘস্থায়ী সমঝোতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার প্রশংসা করেছেন ল্যাভরভ। একই সঙ্গে এ ধরনের উদ্যোগে মস্কোর সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এই ফোনালাপটি এমন সময় হলো, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি রাশিয়া ও পাকিস্তান সফরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

 
 

বিবৃতিতে আরও বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করে যাচ্ছে।

 
 

প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য এখনো বড় আকারে রয়ে গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকেরা। চলমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ, মাস্কাট ও মস্কো সফর শুরু করেছেন। তার এ সফর সময়োপযোগী হিসেবে উল্লেখ করা হচ্ছে।

 

আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি বলেন, সফরের মস্কো অংশটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। তার মতে, তেহরান আন্তর্জাতিক অঙ্গনে, বিশেষ করে জাতিসংঘে, রাশিয়ার সমর্থন পাওয়ার চেষ্টা করছে।

তিনি বলেন, ইরানের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে একটি হলো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব, যা ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন ঠেকাতে গ্যারান্টি দেবে।