Image description

চোটের আশঙ্কা ম্যাচের মুহূর্তেই তৈরি হয়েছিল, পরীক্ষায় সেটিই সত্যি প্রমাণিত হলো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে চলতি ২০২৫-২৬ মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না লামিনে ইয়ামালের। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব বার্সেলোনা। তবে ক্লাবের হয়ে মৌসুম শেষ হলেও আসন্ন বিশ্বকাপে ইয়ামালকে পাওয়া যাবে বলে আশাবাদী কাতালান ক্লাবটি। আগামী ১১ জুন উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে তাকে নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছে বার্সা।

 

গত বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচে চোট পান ১৮ বছর বয়সি এই উইঙ্গার। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করার পরপরই মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন এবং সরাসরি ড্রেসিংরুমে চলে যান। পরীক্ষা-নিরীক্ষার পর বার্সেলোনা জানায়, ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। ক্লাবের বিবৃতিতে বলা হয়, ‘ইয়ামাল পুরোপুরি চিকিৎসা পরিকল্পনার আওতায় থাকবেন। তিনি চলমান লিগের বাকি ম্যাচগুলো মিস করবেন। তবে বিশ্বকাপের জন্য তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।’

 

লা লিগায় শিরোপা ধরে রাখার লড়াইয়ে বড় ধাক্কা খেল বার্সেলোনা। ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা দলটির সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ১০ মে এল ক্লাসিকো, যেখানে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচসহ মৌসুমের বাকি ছয়টি খেলায় ইয়ামালকে পাচ্ছে না দলটি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪ গোল ও ১৭ অ্যাসিস্ট করা ইয়ামাল বার্সার আক্রমণভাগের অন্যতম ভরসা ছিলেন। তার অনুপস্থিতি তাই দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

অন্যদিকে স্পেন জাতীয় দলের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ইয়ামাল সেরে উঠতে পারেন বলে আশা করা হচ্ছে। তেমনটি হলে বিশ্বকাপে সময়মতোই দলে যোগ দেওয়ার সুযোগ থাকবে তার। চোট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়ামাল লিখেছেন, ‘ঠিক যখন সবচেয়ে বেশি মাঠে থাকতে চেয়েছিলাম, তখনই এই চোট আমাকে ছিটকে দিল। সতীর্থদের সঙ্গে লড়তে না পারা কষ্ট দিচ্ছে। তবে এটা শেষ নয়, আমি আরো শক্তিশালী হয়ে ফিরব।’