Image description

ফের বিতর্কের জন্ম দিলেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান। সম্প্রতি তেলের পাম্পে এক মোটরসাইকেল চালককে থাপ্পড় মারার অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার তার লাঠি হাতে তেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত ২১ এপ্রিল কালীগঞ্জের ভুল্যারহাট এলাকার মোজাহার ফিলিং স্টেশনে লাঠি হাতে তার এই আক্রমণাত্মক ভঙ্গি ও অপেশাদার আচরণ স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

এর আগে গত বুধবার বিকেলে চাপারহাট বাজারের লুবানা ফিলিং স্টেশনে নদী নামে এক গ্যারেজ কর্মচারীকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে ইউএনওর বিরুদ্ধে। ভুক্তভোগী নদীর দাবি, একজন অসুস্থ শিক্ষকের ফুয়েল কার্ড ব্যবহার করে তেল নিতে গেলে কোনো কথা না বলেই তাকে মারধর করা হয়। 

তবে ইউএনও শামীমা আক্তার জাহান এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তিনি কাউকে মারেননি, বরং নিয়ম না মানায় মোটরসাইকেলের চাবি জব্দ করেছিলেন। 

স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন হাট-বাজার ইজারা ও উন্নয়ন প্রকল্পের অর্থ বণ্টনে তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। 

 এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জানিয়েছেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’