Image description

সরকারের সমালোচনা করার অভিযোগে বাংলাদেশে অন্তত চারজনকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সরকারকে নিয়ে সমালোচনামূলক পোস্ট করার কারণে এই গ্রেপ্তার পূর্ববর্তী সরকারের দমনমূলক চর্চার উদ্বেগজনক ধারাবাহিকতা নির্দেশ করে।

 

বিবৃতিতে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের উচিত মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকার রক্ষা করা, ভিন্নমত দমনে বিদ্যমান আইনের অপব্যবহার বন্ধ করা এবং অপব্যবহারের সুযোগ রয়েছে এমন ধারাগুলো সংশোধন বা বাতিল করা।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণ করেন। এর আগে শেখ হাসিনার সরকারের সময়ে সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দমন করতে কঠোর আইন প্রয়োগ করা হয়েছিল বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। অন্তর্বর্তী সরকার কিছু উদ্যোগ নিলেও অধিকার লঙ্ঘনকারী আইনগুলো সংস্কারে যথেষ্ট অগ্রগতি হয়নি বলেও জানায় হিউম্যান রাইটস ওয়াচ।

সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্ট মীনাক্ষী গাঙ্গুলী বলেন, ‘স্বাধীনতা ও মানবাধিকারের দাবিতে বাংলাদেশিরা জীবন ঝুঁকিতে ফেলার পর নতুন সরকারের সংস্কার আনার জন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিএনপি সরকার অপছন্দের কনটেন্ট পোস্ট করার অভিযোগে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের গ্রেপ্তার করছে—এটি গভীরভাবে উদ্বেগজনক।’