কক্সবাজারের রামুতে অপহৃত ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুস্তম আলীকে উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ভোরে রামুর ঈদগাহ-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকা থেকে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
পুলিশ জানায়, অপহরণের খবর পাওয়ার পরপরই রামু থানা ও ঈদগড় ফাঁড়ির একাধিক আভিযানিক দল দিনভর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালায়। পুলিশের দাবি, অভিযানের মুখে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়।
স্থানীয় সূত্রের দাবি, গভীর পাহাড়ে পুলিশ যায়নি এবং অপহৃত রুস্তম আলী নিজেই পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ১০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার পর অপহরণকারীরা তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও পারিবারিক সূত্রে জানা যায়, তার ছোট চাচা মৌলভী আব্দুল করিম মুক্তিপণের টাকা দিয়ে তাকে ছাড়িয়ে আনেন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।