রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরমে জনজীবন স্থবির হয়ে পড়েছে, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে; যা এই মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ।
আবহাওয়া অফিসের দেয়া তথ্যমতে, গত ২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ২ ডিগ্রি। এ ছাড়া ২১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে সর্বোচ্চ তাপমাত্রা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে; তবে সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রিকশাচালক, দিনমজুর ও নির্মাণশ্রমিকরা। প্রখর রোদের মধ্যেই তাদের কাজ করতে হচ্ছে, যা স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।
অটোরিকশাচালক কবির হোসেন বলেন, সড়কে মানুষের উপস্থিতি কম। পাকা সড়কে রোদের মধ্যে রিকশা চালানো যাচ্ছে না।
মো. হাসান নামে এক পথচারী বলেন, বছরের সবথেকে আজ বেশি গরম মনে হচ্ছে। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হয়েছি।
এ বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের ইনচার্জ রহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, বুধবার বিকেল ৩টায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা।