Image description

কুমিল্লার বহুল আলোচিত তনু হত্যা মামলায় দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো একজন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নিহতের পরিবার। বহু প্রতীক্ষার পর মামলায় দৃশ্যমান অগ্রগতি হওয়ায় ন্যায়বিচার পাওয়ার আশা করছেন তনুর বাবা-মা।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক গ্রেপ্তার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান-কে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তনুর মা আনোয়ারা বেগম বলেন, এত বছর পর একজন আসামি ধরা পড়ায় তিনি আশাবাদী। তিনি বলেন, আমার মেয়েকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি তার সর্বোচ্চ শাস্তি চাই। এতদিন কষ্ট করেছি, এখন যেন বিচার পাই।

অন্যদিকে তনুর বাবা ইয়ার হোসেন জানান, দীর্ঘদিন পর অন্তত একটি ইতিবাচক খবর দিতে পারছেন তিনি। ১১ বছর পর প্রথমবার আসামিকে কাঠগড়ায় দেখলাম। এখন দেশবাসীকে বলতে পারবো আসামি ধরা পড়েছে, বিচার শুরু হয়েছে, বলেন তিনি।

তিনি আরও বলেন, এতদিন যেখানে যেতেন, সবাই মামলার অগ্রগতি জানতে চাইত, কিন্তু তিনি কোনো উত্তর দিতে পারতেন না। এখন আদালতের ওপর আস্থা রেখে বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছেন।

পরিবারের প্রত্যাশা, তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীরা শাস্তির আওতায় আসবে।

শীর্ষনিউজ