Image description

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে যাওয়ার আট ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজিবির সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডারসহ দুই বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ওই দুই কিশোর হলো- জেলার আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র ও সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়। তাদের ধরে নিয়ে যাওয়ার সময় মারধর বিএসএফ সদস্যরা করেছে করেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

 

এর আগে, বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্তের ভারতের অভ্যান্তর থেকে দুই কিশোরকে ধরে নিয়ে যায় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি এলাকায় বেড়াতে আসে ওই দুই কিশোর। বুধবার বেলা ১১টার দিকে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে যায় ইন্দ্র ও উদয়। একপর্যায়ে তারা সীমান্ত দিয়ে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে ঢুকে পড়লে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের ধরে নিয়ে যান। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের মিস্ত্রিপাড়া ক্যাম্পের সদস্যরা।

 

 

প্রত্যক্ষদর্শী লাকি আক্তার বলেন, বিএসএফ দুই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার সময় মারধর করেছে। পরে তাদের গাড়িতে করে তুলে নিয়ে যায়।

 

সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বলেন, দুই কিশোর ছবি তুলতে তুলতে ভুলবশত ভারতীয় এলাকায় চলে যায়। পরে তাদের ফেরত এনেছে বিজিবি। তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করি। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ফেরত আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।