নোয়াখালীতে গাছের চূড়ায় কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এক যুবককে দেখে এলাকাজুড়ে ‘লাশ’ আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গিয়ে খাবারের লোভ দেখিয়ে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের গোমাতলী সংলগ্ন ইটপুকুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বাজারের পাশের একটি গাছে দীর্ঘ সময় ধরে কালো কাপড়ে মুখ ঢাকা অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা। কোনো নড়াচড়া না থাকায় অনেকেই সেটিকে ঝুলন্ত লাশ ভেবে আতঙ্কিত হয়ে পড়েন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়।
খবর পেয়ে দ্রুত চাটখিল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এরপর যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে ওই যুবককে গাছ থেকে নিচে নামানো হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি জীবিত। উদ্ধার শেষে তিনি নিজের নাম ‘নীরব’ বলে জানান। তবে তার পূর্ণ পরিচয় এখনো জানা যায়নি।
চাটখিল থানার এসআই শফিউল ইসলাম মুন্না জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তিনি নিজের নাম বলতে পারলেও বিস্তারিত কিছু জানাতে পারেননি। তার পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।