Image description

ভারতের বেঙ্গালুরু শহরে প্রেমের সম্পর্কের এক ভয়াবহ ও নৃশংস পরিণতির ঘটনা প্রকাশ্যে এসেছে। অবহেলার ক্ষোভ থেকে প্রেমিককে বাসায় ডেকে এনে চেয়ারে বেঁধে জীবন্ত আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনাটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত যুবকের নাম কিরণ এবং অভিযুক্ত তরুণীর নাম প্রেরণা। পুলিশ সূত্রে জানা গেছে, তারা দুজনই একটি টেলিকম দোকানে কর্মরত ছিলেন এবং প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। তবে সাম্প্রতিক সময়ে প্রেরণা ধারণা করতে থাকেন, কিরণ তাকে এড়িয়ে চলছেন। এমনকি তাকে বিয়ে করবেন না-এই সন্দেহ থেকেই তার মধ্যে ক্ষোভ দানা বাঁধে, যা শেষ পর্যন্ত ভয়াবহ রূপ নেয়।

ঘটনার দিন দক্ষিণ বেঙ্গালুরুর অঞ্জনাপুরা এলাকায় নিজের বাসায় একা ছিলেন প্রেরণা। সেই সুযোগে তিনি কিরণকে সেখানে ডেকে নেন। কিছুক্ষণ আলাপচারিতার পর প্রেরণা জানান, বিদেশে প্রচলিত একটি অভিনব কায়দায় তিনি প্রেম নিবেদন করতে চান। সরল বিশ্বাসে কিরণ এতে সম্মতি দিলে প্রেরণা তার চোখে কাপড় বেঁধে একটি চেয়ারের সঙ্গে শক্ত করে বেঁধে ফেলেন।

পুলিশ জানায়, পুরো ঘটনাটি প্রেরণা অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের মোবাইল ফোনে ধারণ করেন। কিরণকে বেঁধে ফেলার সময় তিনি কিছুটা আপত্তি জানালেও প্রেরণা তাকে আশ্বস্ত করেন যে এটি একটি ‘সারপ্রাইজ’। এরপর কিরণ যখন হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় অপেক্ষা করছিলেন, তখন প্রেরণা তার শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন।

এ বিষয়ে স্থানীয় পুলিশের ডেপুটি কমিশনার ডিএল নাগেশ জানান, অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, অবহেলার প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। পুলিশ ঘটনার ভিডিও ফুটেজ উদ্ধারের চেষ্টা করছে এবং মামলাটি নিয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।

শীর্ষনিউজ