প্রায় তিন দশক আগে জীবিকার সন্ধানে মালয়েশিয়া গিয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই নিখোঁজ হয়ে যান তিনি। দীর্ঘ ২৭ বছর কোনো খোঁজ না পেয়ে স্বজনরা ধরে নিয়েছিলেন, হয়তো তিনি আর বেঁচে নেই। অবশেষে সেই ধারণা ভুল প্রমাণ করে দেশে ফিরছেন তিনি।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বাতিক এয়ারের ওডি১৬২ ফ্লাইটে মালয়েশিয়া থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের অনসাইট ম্যানেজার মো. আল-আমিন নয়ন এশিয়া পোস্টকে তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের উদ্যোগে এই ঘটনার নাটকীয় মোড় নেয়। দীর্ঘদিন ধরে আমির হোসেন মালয়েশিয়ার জঙ্গলে মানবেতর জীবনযাপন করছিলেন। সেখান থেকে উদ্ধার করে তার পরিচয় শনাক্তে এগিয়ে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাস ও পেনাং রাজ্যের দিপু নামের এক প্রবাসীর উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচারিত হলে তা দ্রুত সাড়া ফেলে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আমির হোসেনকে শনাক্ত করেন। এরপর প্রবাসী সাংবাদিক বাপ্পি কুমার দাসের উদ্যোগে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে।
এ বিষয়ে ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের কর্মকর্তা আল-আমিন নয়ন জানান, ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি জমানোর পর প্রথম তিন বছর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আমিরের। পরবর্তী ২৭ বছর ধরে তার কোনো খোঁজ পায়নি পরিবার। যার কারণে সময়ের সঙ্গে সঙ্গে স্বজনরা প্রায় ধরে নিয়েছিলেন হয়তো তিনি আর বেঁচে নেই।
আমির হোসেনের এই ফিরে আসা শুধু একজন মানুষের ঘরে ফেরা নয়; এটি একটি পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান। একই সঙ্গে প্রবাসজীবনের ঝুঁকি ও অনিশ্চয়তার একটি মর্মস্পর্শী উদাহরণ হিসেবেও দেখা হচ্ছে ঘটনাটিকে।