কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যা করেছে পাহাড়ি ডাকাত দল। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার শীলখালী এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শীলখালী পাহাড়সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে স্থানীয় বাসিন্দা রবি আলমের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, ধারণা করা হচ্ছে রাতে বা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়। পরে তাদের হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ঘটনাটি নিশ্চিত করেছেন বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস। তিনি জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।
এদিকে এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনার পেছনে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।