বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কথা থাকলেও তা করা হচ্ছে না। এর পরিবর্তে সরাসরি ৯ম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) দুটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, ২০২৫ সালের সংশোধিত নীতিমালা অনুযায়ী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদ সং্খ্যা উল্লেখ করে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ২০০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের মৌখিক পরীক্ষার ভিত্তিতে সুপারিশযোগ্য প্রার্থী বাছাই করবে এনটিআরসিএ।
সূত্রের তথ্য বলছে, পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই শেষে ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসি। অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ না করে প্রথমে ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরবর্তীতে ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘নতুন নীতিমালা অনুযায়ী ৭৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের জন্য ৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৯তম নিবন্ধন বিজ্ঞপ্তি বাক্য ব্যবহার করা হবে না।’
এদিকে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে ৭৭ হাজার ৭৯৯টি শূন্য পদের তথ্য পেয়েছে এনটিআরসিএ। সবচেয়ে বেশি শূন্য পদ সহকারী শিক্ষকের, ৪৪ হাজার ৬৯১টি।
এছাড়া সহকারী শিক্ষক (ধর্ম ও নৈতিক শিক্ষা) ৯২৮; সহকারী শিক্ষক/শরীরচর্চা প্রশিক্ষক: ৪,০১৪; সহকারী মৌলভি ১১ হাজার ৬৯; কম্পিউটার ব্যবহারিক নির্দেশক ১২৯; ব্যবহারিক নির্দেশক ১ হাজার ৬১৬; ইবতেদায়ি কারি ২ হাজার ৫৬৩; ইবতেদায়ি মৌলভি ৬ হাজার ১৬৬; ইবতেদায়ি শিক্ষক ৪৪৪; প্রশিক্ষক ৫১; প্রভাষক ৫ হাজার ৮৫২; শারীরিক শিক্ষা প্রশিক্ষক ১২৫ এবং বাণিজ্য প্রশিক্ষক ২৫১ জনকে নিয়োগ দেওয়া হবে।