Image description

স্কুল মাঠে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান চলছিল। হঠাৎ দলবল নিয়ে হাজির স্থানীয় এক ব্যক্তি। তিনি অনুষ্ঠানে উপস্থিত প্রধান শিক্ষকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন। তালা দিলেন ওই শিক্ষকের কক্ষে। আতঙ্কিত শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থল ছেড়ে যাচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, এটি রোববার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্ৰামের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ উঠেছে- হট্টগোল করা ওই ব্যক্তির নাম মো. সারোয়ার আওয়াল। তিনি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

স্থানীয় একাধিক সূত্র জানায়, এ ঘটনার সময় সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় পর্যায়ে মীমাংসা করে তালা খুলে দিয়ে সংক্ষিপ্তভাবে এক ঘণ্টার মধ্যে অনুষ্ঠান শেষ করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার উদ্দিন জানান, বিএনপির সাবেক নেতা সারোয়ার আওয়াল, তার ভাই আরমানসহ স্থানীয় মান্নান মাস্টারের লোকজন এসে অনুষ্ঠান বন্ধ করতে বলেন। তারা এসেই শিক্ষকদের উদ্দেশে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে সেখানে আউয়ালের সঙ্গে যোগ দেন আরও ১০ থেকে ১৫ জন। হঠাৎ হাতে থাকা মাইক্রোফোন কেড়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই তারা প্রধান শিক্ষকের কক্ষে তালা দেন।

তিনি জানান, লিখিতভাবে দাওয়াত না দিয়ে মৌখিক দাওয়াত দেওয়ার কারণে আওয়াল ও তার লোকজন এমন পরিস্থিতির সৃষ্টি করে।

এ বিষয়ে অভিযুক্ত মো. আওয়াল বলেন, আমি সেখানে কোনো গালিগালাজ করিনি। অভিভাবকরা আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। তারা আমাকে নিয়ে প্রধান শিক্ষককে প্রবেশপত্রের টাকা বেশি নেওয়ার কারণ জানতে চেয়েছেন।

তিনি বলেন, ‘প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়া হয়নি। কে দিয়েছে তা আমি জানি না।’ তবে কিছুক্ষণের মধ্যেই তালা খুলে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি সোমবার দুপুর বলেন, ‘এ ঘটনাটি তারা জেনেছেন। বিষয়টি নিয়ে সোমবার বিকেলে তারা সভা করবেন। সেখানে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

শীর্ষনিউজ