গত ১৩ এপ্রিল ভারতীয় প্রোপাগান্ডা সাইট নর্থইস্ট নিউজ ‘২০২৪ সালের ৪ আগস্ট ৯ম পদাতিক ডিভিশনের নিষ্ক্রিয়তার রহস্য’ শীর্ষক শিরোনামে বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সিনিয়র সাংবাদিক এনায়েত কবির এই প্রতিবেদনটি লিখেছেন।
প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, ‘‘The interim government of Muhammad Yunus revised a list of approximately 800 people several times. About 50 individuals from the revised list were later found to be alive.’’
অর্থাৎ দাবি করা হয় যে, জুলাই গণ অভ্যুত্থানে নিহত হওয়া শহীদদের সরকারি তালিকার ৫০জন পরবর্তীতে জীবিত বলে সনাক্ত হন।
তবে, দ্য ডিসেন্টের যাচাই এ এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হিসেবে ৮৩৪ জনের নামে গেজেট প্রকাশ করা হয়। একই বছরের ১০ জুন তালিকায় আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়টি।
তবে ২০২৫ সালের ৩ আগস্ট উক্ত তালিকা থেকে ৮ জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, বাদ পড়া ৮ জনের মধ্যে চারজনের নাম গেজেটে দু’বার এসেছে। বাকি চারজন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর প্রথম আলোর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শহীদ না হয়েও ৫২ জনের নাম শহীদদের তালিকায় উঠেছে।
তবে জীবিত কারো শহীদ হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার এমন তথ্য কোথাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও কেউ এমন কোনো অভিযোগ করেনি।
এ ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (জুলাই গণঅভ্যুত্থান শাখা) ড. মোঃ মতিউর রহমান দ্য ডিসেন্টকে বলেন, ‘‘আমরা কখনও জুলাই শহীদদের তালিকার কেউ জীবিত এমন তথ্য পাইনি। কেউ অভিযোগও করেনি।’’