নিজের নির্বাচনী এলাকা নোয়াখালীর হাতিয়ায় ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত এবং বারবার প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংসদে জীবনের নিরাপত্তা চেয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য হান্নান মাসউদ।
তিনি অভিযোগ করেছেন, তাকে সরাসরি হত্যার উদ্দেশ্যে অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে এবং বর্তমানেও তিনি ও তার নেতাকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন এনসিপির এই সংসদ সদস্য। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হান্নান মাসউদ বলেন, ‘হাতিয়ায় ভূমিদস্যু ও জলদস্যুদের উৎপাত অনেক বেশি। গত পরশু হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিক মারফতে জানতে পেরেছি যে, ফেরিতে আমার ওপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুত ছিল।
নিজের নিরাপত্তার বিষয়ে আকুতি জানিয়ে তিনি বলেন, ‘আমার গাড়িতে এখনো হামলার ছয়টি কোপ আছে। যারা আমাকে কোপাতে এসেছিল তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, তারা এলাকায় ঘুরছে। আমি মামলা দিয়ে, জিডি করে কোনো প্রতিকার পাচ্ছি না। আমার ওপর যদি পরের বার আক্রমণ হয়, তার দায় কে নেবে? এলাকা থেকে নির্বাচিত হয়ে যদি এলাকায় নিরাপদে যেতে না পারি, তবে আমি কোথায় যাব?’
এ সময় হান্নান মাসউদ ১৬৪ বিধিতে একটি বিশেষ অধিকার নোটিশ উত্থাপন করেন। নোটিশের প্রেক্ষিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। একজন সংসদ সদস্যের ওপর এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত। তবে কার্যপ্রণালী বিধির ১৬৫ (২) ও ১৬৫ (৪) উপবিধির সীমাবদ্ধতার কারণে আমরা নোটিশটি গ্রহণ করতে পারছি না। তবে আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি এই বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।’
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাননীয় সদস্যের অভিযোগ অত্যন্ত দুঃখজনক, যদি ঘটনা সত্য হয়ে থাকে। এ বিষয়ে আমি অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য যদি জিডি বা মামলা না করে থাকেন, তবে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করুন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘শুধু এই সংসদ সদস্য নন, হাউসের যেকোনো সদস্য যদি এমন পরিস্থিতির শিকার হন, তবে তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নিকটস্থ থানায় অভিযোগ করুন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।’