কুমিল্লার চান্দিনায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামুল হাসান (২৬) নামের এক যুবকের বিরুদ্ধে।
রবিবার (১৯ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার দোল্লাই নোয়াবপুর ইউনিয়নের কেগলা গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা আগুনে পুড়ে যায় বসতঘর, আসবাব, টাকা ও স্বর্ণালংকার। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পরিবার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কেগলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ডাক্তারের ছেলে এনামুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকার জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করতেন। রবিবারও তিনি টাকা দাবি করেন। পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে তিনি পেট্রল ঢেলে ঘরে আগুন দেন বলে অভিযোগ।
এনামুলের বড় বোন হাবিবা জানান, গত কয়েক মাসে তার আচরণ আরো সহিংস হয়ে উঠেছে। রাত ৮টার দিকে সে একটি সিএনজি অটোরিকশায় করে বাড়িতে এসে পেট্রোলের বোতল নিয়ে ঘরে ঢুকে আগুন লাগিয়ে আবার সেই অটোরিকশায় পালিয়ে যায়। পরিবারের সদস্যরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
দোল্লাই নোয়াবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া বলেন, মাদকাসক্তির কারণেই এ ঘটনা ঘটেছে। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিসও হয়েছিল।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ঘটনার কথা জেনেছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।