Image description

উন্নত জীবনের আশায় পাড়ি জমিয়েছিলেন কুয়েতে। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় স্বপ্ন পূরণ হওয়ার আগেই ফিরতে হয় দেশে। আর সেই হতাশা থেকেই কুয়েত থেকে দেশে ফিরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেন ফেনীর পরশুরাম উপজেলার নুরুল ইসলাম সাগর।

 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর অসুস্থ হয়ে পড়েন সাগর (৩৫)। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

নিহত সাগর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধর গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। সাগরের অকাল মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

জানা গেছে, সাগর গত বছরের আগস্ট মাসে জীবিকার সন্ধানে কুয়েত গিয়েছিলেন। তবে সেখানে বৈধ কাগজপত্র না থাকায় সম্প্রতি কুয়েত পুলিশ তাকে আটক করে। ১৫ দিন কারাভোগের পর শনিবার তাকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

 

সাগরের ছোট বোন শেফালী আক্তার আরজু বলেন, তার ভাই শারীরিকভাবে সুস্থ থাকলেও বিদেশে আটক হওয়া এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন। পরিবারের ধারণা, দীর্ঘদিনের দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রির) জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।